‘দেশ এখন অপহরণকারীদের স্বর্গরাজ্য’
দেশ এখন অপহরণকারীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার বিকালে চট্টগ্রাম নগরীর নাসিমন ভবনে বিএনপি কার্যালয়ের সামনে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, “দেশ আজ অপহরণকারীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। প্রতিদিন ভিন্ন মতের, ভিন্ন দলের নেতাকর্মীদের গুম করা হচ্ছে, হত্যা করা হচ্ছে।
“নিপীড়ন নির্যাতন করে এই সরকার বেশিদিন টিকে থাকতে পারবে না। সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তিকে মোকাবেলা করতে হবে।“
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও সারাদেশে দলীয় নেতাকর্মীদের হত্যা-গুম-খুনের প্রতিবাদে এ কর্মসূচির পালন করা হয়।
সমাবেশের প্রধান বক্তা সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম বলেন, “এই সরকার মাত্র পাঁচ শতাংশ মানুষের ভোট পেয়েছে। তারা অবৈধ। তারা গুম-অপহরণ-হত্যার মাধ্যমে প্রশাসনকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে।”
উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সাংসদ রোজি কবির, নগর বিএনপির সহ-সভাপতি সামশুল আলম ও সাধারণ সম্পাদক ডা. শাহদাত হোসেন।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান, নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি আবুল হাশেম বক্কর প্রমুখ।
