‘সিস্টেমেটিক পাগলামি করছেন খালেদা’
বিভিন্ন রাজনৈতিক ‘বিতর্ক’ সৃষ্টি করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ‘সিস্টেমেটিক পাগলামি’ করছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপনে বক্তব্য দিতে গিয়ে ইনু বলেন, “সাবেক বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে এখানে দেখছি না। উনি কোনো কিছু মানছেন না।”
খালেদা জিয়ার ১৫ অগাস্ট জন্মদিন পালন এবং জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক ও দেশের প্রথম রাষ্ট্রপতি দাবি করার বিষয়টি উল্লেখ করে জাসদ সভাপতি ইনু বলেন, “সকলে বলছেন, খালেদা জিয়ার মাথা খারাপ হয়ে গেছে। গ্রামের কৃষক বলছেন, পাগলের কী মাথা খারাপ হয়ে গেল?”
তথ্য মন্ত্রণালয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে মন্ত্রী হাসানুল হক ইনু। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
খালেদা জিয়া ‘অস্বাভাবিক’ আচরণ করছেন মন্তব্য করে তিনি বলেন, “অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে তিনি সিস্টেমেটিক পাগলামি করছেন।”
সাবেক সামরিক শাসক জিয়াউর রহমানের আমলে জামায়াতে ইসলামীকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠার কথা তুলে ধরে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি বলেন, “রাজাকার আমদানি পাগলামি, না রাজনৈতিক শয়তানি?”
পলাশীর প্রান্তরে নবাব সিরাজ উদদৌলার পরাজয়, ১৯৭১ ও ১৯৭৫ এর পর জিয়াউর রহমানকে চার নম্বর ‘মীরজাফর’ আখ্যা দিয়ে ইনু বলেন, “জিয়া ও মোস্তাকের ভূমিকা ছিল রাজনৈতিক শয়তানের ভূমিকা, খলনায়কের ভূমিকা।”
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি কখনোই খালেদা জিয়ার দাবি ছিল না বলে মন্তব্য করে তিনি বলেন, “এখনো সামান্য সুযোগ আছে। জামাত ও জঙ্গিবাদের সঙ্গ ত্যাগ করতে হবে।
“তাকে (খালেদা জিয়া) তওবা করতে হবে। যতক্ষণ না তওবা করবেন, ততক্ষণ বাংলাদেশের জন্য বিপদ আছে।”
