জামায়াত নিয়ে দুই রকম তথ্য ইসিতে
আদালতের রায়ে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ হলেও নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এ নিয়ে দুই রকম তথ্য পাওয়া যাচ্ছে।
২০১৩ সালের ১ আগস্ট হাই কোর্টের রায়ে নিবন্ধন অবৈধ ঘোষিত হওয়ায় উপনির্বাচন ও দশম জাতীয় নির্বাচনে দলটির অংশ নেয়ার সুযোগ ছিল না। তবে এই সময়ে সব নির্বাচন বর্জনও করে দলটি।
হাই কোর্টের রায়ের ছয় মাস পেরোলেও সাংবিধানিক এই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ইংরেজি ভার্সনে জামায়াতের নিবন্ধনের তথ্য হালনাগাদ করা হয়নি।
২০০৮ সালের ৪ নভেম্বর ১৪ নম্বর রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী নিবন্ধিত হয়। কিন্তু দলীয় গঠনতন্ত্র সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় আদালত জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে।
তবে ইসির ওয়েবসাইটের বাংলা ভার্সনে দলটির নিবন্ধন অবৈধ ঘোষণায় আদালতের রায়ের বিষয়টি মন্তব্য কলামে উল্লেখ রয়েছে।
এতে বলা হয়, মাননীয় হাই কোর্ট বিভাগ কর্তৃক পিটিশন নং ৬৩০/২০০৯ এর উপর ১ আগস্ট ২০১৩ তারিখে প্রদত্ত রায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নিবন্ধন অবৈধ ঘোষিত হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ ও ইসির ভারপ্রাপ্ত সচিব সিরাজুল ইসলাম যুক্তরাষ্ট্রে থাকায় ওয়েবসাইটে দুই রকম ভাষ্যের বিষয়ে কোনো কর্মকর্তা মুখ খুলতে রাজি হননি।
সম্প্রতি টাঙ্গাইল-৮ উপ নির্বাচনের হালনাগাদ তথ্য ওয়েবসাইটে সংরক্ষণ না করায় তদন্ত কমিটি করে ইসি।
পুনঃনির্ধারিত ভোটের তারিখ ওয়েবসাইটে না তোলায় দায়িত্বশীল কর্মকর্তাদের শুনানিও চলে। এ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।
