স্বেচ্ছাসেবক দল সভাপতি সোহেল কারাগারে
নাশকতার বিভিন্ন মামলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উননবী খান সোহেলকে কারাগারে পাঠিয়েছে ঢাকার আদালত।
হেফাজতের তাণ্ডব এবং হরতাল-অবরোধের ১৩ মামলায় রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল।
১৩টি মামলার মধ্যে চারটি মতিঝিল, চারটি পল্টন, তিনটি শাহবাগ ও দুটি রমনা থানার মামলা। সবগুলোরই বাদী পুলিশ।
এসব মামলায় জামিন আবেদনের শুনানি শেষে মহানগর হাকিম রেজাউল করিম ও আনোয়ার ছাদাত একটিতে জামিন দিলেও বাকিগুলোর আবেদন নামঞ্জুর করেন।
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক মাহমুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহবাগ থানার একটি মামলায় সোহেলকে জামিন দেন বিচারক।
