২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরে বিদ্যুৎ লাইনে পাহারাও বসাবে ভারত: গয়েশ্বর

বিদ্যুতের করিডোর পাওয়ার পর ভারত সঞ্চালন লাইনে পাহারা বসানোর নামে বাংলাদেশে সৈন্য বসাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2014, 04:30 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

আসাম থেকে বাংলাদেশ হয়ে ভারতের মূল অংশে বিদ্যুৎ নিতে বাংলাদেশের করিডোর দেয়ার সমালোচনা করে রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এই আশঙ্কার কথা জানান।

গয়েশ্বর বলেন, ভারতের জন্য বিদ্যুতের সঞ্চালন লাইন স্থাপনের জন্য বাংলাদেশের প্রায় সাড়ে ৪ হাজার বিঘা জমি নষ্ট হবে।

“এরপর ভারত বলবে, তাদের ওই অবকাঠামো (বিদ্যুৎ পিলার) নিজস্ব বাহিনী বসিয়ে পাহারা দিতে হবে। এভাবে তারা আমাদের স্বাধীনতাকে গ্রাস করবে।”

এই কর্মসূচিতেও গয়েশ্বর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে দাবি করেন।

“যারা মানতে চান না, তাদের কাছে প্রশ্ন- মুজিবনগর সরকার গঠনের আগে ২৬ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত রাষ্ট্রপতি কে ছিলেন, কার নেতৃত্বে মুক্তিযুদ্ধ চলছিল?”

মুক্তিযুদ্ধে অবদানের জন্য বিদেশিদের সম্মাননা পদক নিয়ে সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন গয়েশ্বর।

“ওই সব স্বর্ণপদকের ১২ আনাই খাদ, মাত্র ৪ আনা স্বর্ণ রয়েছে। এভাবে ক্ষমতাসীনরা মুক্তিযুদ্ধের পদক তৈরিতেও অর্থ আত্মসাৎ করেছে।”

বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ড্যাবের উদ্যোগে আমার দেশসহ বন্ধ সব সংবাদ মাধ্যম খুলে দেয়া এবং মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে এই মানববন্ধন হয়।

কর্মসূচিতে বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান উপজেলা নির্বাচনে ‘ভোট ডাকাতি’ হয়েছে দাবি করে পুনর্নির্বাচনের দাবি জানান।

ড্যাবের সহসভপতি আবদুস সালামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী,  ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, ড্যাব মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন, সাংবাদিক নেতা এম এ আজিজ, সৈয়দ আবদাল আহমেদ, জাহেদ চৌধুরী প্রমুখ।