নতুন নির্বাচন নয়, কেবল সব দলের অংশগ্রহণ চায় ইউরোপীয় পার্লামেন্ট
মধ্যবর্তী কোন নতুন নির্বাচন নয় বরং সামনের নির্বাচনে সব দলের অংশগ্রহণ দেখতে চায় ইউরোপীয় পার্লামেন্ট।
মঙ্গলবার জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আবদুল মোবারকের সঙ্গে সাক্ষাৎ শেষে ইউরোপীয় পার্লামেন্টের সফররত চার সদস্যের প্রতিনিধি দলের নেতা জ্যঁ ল্যামবার্ট সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি বলেন, “আমরা নতুন কোন নির্বাচনের জন্য বলিনি, আমাদের তা চাওয়া নয়। বাংলাদেশের রাজনীতির উন্নতি এবং তা যাতে যথাযথভাবে এগোয় সেটাই আমাদের অবস্থান। এটা রাজনৈতিক দলগুলোর ওপরই নির্ভর করে।
"ভবিষ্যতের যে কোনো নির্বাচন সব দলের অংশগ্রহণে হোক তাই আমরা দেখতে চাই।"
সাংবাদিকদের জ্যঁ ল্যামবার্ট জানান, ইসির সঙ্গে প্রকল্প সহায়তা, সংসদ নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানো, স্থানীয় নির্বাচন নিয়ে বিভিন্ন অভিযোগ, সহিংসতা ও এ নিয়ে ইসির তদন্ত কার্যক্রম নিয়ে কমিশনার মোবারকের সঙ্গে প্রতিনিধি দলের বৈঠকে আলোচনা হয়েছে।
রাজনৈতিক দলের সংগে নির্বাচন ইস্যুতে নির্বাচন কমিশনের সম্ভাব্য ভূমিকা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, “কী করা যাবে, কী করা যাবে না- সে বিষয়ে ইসির কিছু সীমাবদ্ধতা রয়েছে।। এক্ষেত্রে স্বাধীন, শক্তিশালী ও কার্যকর নির্বাচন কমিশন এখানে খুবই দরকার। এটা অনুভব করি যে, এ রকম গণতান্ত্রিক দেশে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।”
বৈঠকে ভোটারদের ভোটাধিকার প্রয়োগে রাজনৈতিক দলগুলোর দায়িত্ববোধ নিয়েও আলোচনা হয়েছে বলে জানান ইউরোপীয় পার্লামেন্ট দলের এ নেতা।
