২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার বিচার চাইলেন শেখ সেলিম

মানুষ হত্যাসহ দেশব্যাপী নাশকতা চালানোর জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিচারের দাবি করেছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2014, 12:35 AM

Updated : 01 Sep 2026, 12:40 PM

সোমবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ বিষয়ে পদক্ষেপ নিতে আইনমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।

৫ জানুয়ারি ভোটের আগে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচির বিভিন্ন ঘটনা তুলে ধরে শেখ সেলিম বলেন, “আন্তর্জাতিক ক্রাইমস্ ট্রাইব্যুনাল আদালতে তার (খালেদা) বিচার করা হোক। মানবতাবিরোধী অপরাধে তার বিচার হতে পারে।”

খালেদার উদ্দেশে তিনি বলেন, “আগামী নির্বাচনে যদি নাকে খত দিয়ে না আসেন বিএনপি চেয়ারপারসনও থাকতে পারবেন না, ওখান থেকেও বিদায় নিতে হবে।”

‘পায়ের তলায় মাটি না থাকায়’ উপজেলা নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে বলেও দাবি করেন তিনি।

বিএনপিকে ‘অপরাধীদের’ সংগঠন অ্যাখ্যায়িত করে আওয়ামী লীগ নেতা বলেন, “বাংলাদেশে যে কয়েকটা বড় অপরাধ হয়েছে তার সঙ্গে বিএনপি জড়িত।”

তত্ত্বাবধায়ক সরকার আর কোনো দিন আসবে না বলেও বিএনপিকে বলেন তিনি।

রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় প্রধান বিরোধী দল জাতীয় পার্টি অংশ নেয়ায় শেখ সেলিম দলটিকে ধন্যবাদ জানান।

শেখ সেলিম বলেন, “কিছু বিদেশি রাষ্ট্র ও পশ্চিমা কিছু সংগঠন কিছু দিন পর পর বাংলাদেশকে নিয়ে বিবৃতি দেয়। তারা কি অপরাধী না ভিকটিকদের মানবাধিকার চান?

“পুলিশের অস্ত্র কেড়ে নিলে তারা কোনো কথা বলেন না অথচ পুলিশ যখন ব্যবস্থা নেয় তখন তারা (পশ্চিমা সংগঠন) চিৎকার করেন। ঢালাওভাবে এ ধরনের আচরণ থেকে বিরত থাকুন।”