শাহরিয়ারের সোনার নৌকা নিয়ে সংসদে প্রশ্ন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সোনার নৌকা উপহার নেয়ার পর সমালোচনার মুখে তা বিক্রি করে পাওয়া টাকা এতিমখানায় জমা দেয়ার বিষয়ে সংসদে প্রশ্ন উঠেছে।
বিএনপিবিহীন দশম সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য এ কে এম মাইদুল ইসলাম সোমবার আইনমন্ত্রীর আনিসুল হকের কাছে এই বিষয়ে প্রশ্ন করেন।
মাইদুল বলেন, একজন প্রতিমন্ত্রী একটি সোনার নৌকা উপহার নিয়েছেন বলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়েছে। পরে তিনি বিব্রতকর অবস্থায় পড়ে তা বিক্রি করে অর্থ একটি এতিমখানায় দান করেন।
“আমার জানা মতে, আইন ছিল ৫০০ টাকার মূল্যের বেশি জিনিস উপহার নিলে তা বঙ্গভবনের তোষাখানায় জমা দিতে হয়। এ আইনটি বর্তমানে চালু আছে কি না,” প্রশ্ন করেন সাবেক এই মন্ত্রী।
গত ২৪ জানুয়ারি রাজশাহীতে এক সংবর্ধনা অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে সোনার নৌকা উপহার দেন বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলী, যা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।
জাতীয় পার্টির সংসদ সদস্যের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী যে উত্তর দেন, তাতে বলা হয়- উপহারের মূল্যমান ৩০ হাজার টাকার বেশি হলে তা রাষ্ট্রীয় তোষাখানায় জমা দেয়ার নিয়ম এখনো রয়েছে।
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রী, ডেপুটি স্পিকার, প্রতিমন্ত্রী, উপ-মন্ত্রী, সংসদ সদস্য এবং সরকারি কর্মচারী কোনো উপহার পেলে তার মূল্য বিচারের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে জানাতে হয় বলেও আইন রয়েছে বলে আনিসুল হক জানান।
“উপহারের মূল্য তোষাখানায় মূল্যায়ন কমিটি কর্তৃক ৩০ হাজার টাকার অধিক মূল্যমানের বিবেচিত হলে ওই উপহার রাষ্ট্রীয় তোষাখানায় জমা প্রদান করতে হয়।”
রাজশাহী ও নাটোরে সোনার নৌকা দিয়ে সংবর্ধনা
