২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ হত্যা চেষ্টার মামলায় মিনু কারাগারে

রাজশাহীতে গুলি করে পুলিশ হত্যা চেষ্টার অভিযোগে দায়ের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুকে কারাগারে পাঠিয়েছে আদালত।

রাজশাহী প্রতিনিধি

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2014, 03:59 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

মঙ্গলবার বেলা ১টার দিকে রাজশাহী মহানগর হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন মিনু।

শুনানি শেষে বিচারক বিশ্বনাথ মণ্ডল জামিন নাকচ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর আদালত থেকে মিনুকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয় বলে তার আইনজীবী মোজাম্মেল হক জানান।

বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান জানান, ২০১১ সালের ৪ জুন মিনুর নেতৃত্বে ভূবন মোহন পার্ক থেকে বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করে। ওই মিছিল থেকে পুলিশের ওপর হামলা হয় এবং বোয়ালিয়া মডেল থানার তখনকার ওসি খান মোহাম্মদ শাহরিয়ার গুলিবিদ্ধ হন।

এছাড়া পুলিশের নায়েক খলিলুর রহমান, কনস্টেবল নুরুজ্জামান ও মাহবুবুর রহমান ওই হামলায় আহত হন। মিছিলকারীরা সাহেববাজার এলাকায় ভাংচুর চালায়।

এসব ঘটনায় বোয়ালিয়া থানায় সাড়ে তিনশ’ জনের বিরুদ্ধে মামলা করেন এসআই জাহাঙ্গীর আলম।

মামলাটির তদন্ত শেষে চলতি বছর ৪ ফেব্রুয়ারি মিনু ও মেয়র বুলবুলসহ ১৩৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।