রামপালে আ. লীগ-বিএনপি সংঘর্ষ, ভাংচুর-আগুন
উপজেলা পরিষদ নির্বাচনের জের ধরে বাগেরহাটের রামপালে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে বেশ এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
এসময় বিএনপি সমর্থকদের কয়েকটি বাড়ি ও অন্তত ২০টি ব্যবসা প্রতিষ্ঠানে আওয়ামী লীগ সমর্থকরা আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতারা।
উপজেলার মল্লিকের বেড় ইউনিয়নের বড় সন্ন্যাসী বাজার গ্রামে রোববার বিকেলের পর থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা ধরে দফায় দফায় এই সংঘর্ষ চলে বলে স্থানীয়রা জানায়।
এতে গুরুতর আহত হন ইউপি চেয়ারম্যান নাজমুল কবির (৪০), তার পরিষদের নারী ইউপি সদস্য লাকিয়া খানম (৩৫), আওয়ামী লীগ কর্মী মনিরুজ্জামান হাবিব (৪৫) ও নাজমুল কবিরের সহকারী মাসুমকে (৩৭) এবং অজ্ঞাত নামা আরো বেশ কয়েকজন।
রাতে নাজমুল, লাকিয়া, মনিরুজ্জামান এবং মাসুমকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশসহ দমকল বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে।
সেখান থেকে রামপাল থানার ওসি কাজী দাউদ হোসেন রাতে মোবাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনা সম্পর্কে জানার মত কোনো পুরুষ মানুষ এলাকায় নেই। সেখানে বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী ও র্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।”
রাতে ঘটনাস্থল থেকে বাগেরহাট দমকল ইউনিটের সহকারী উপ পরিচালক মো. নজরুল ইসলাম জানান, তারা খবর পেয়ে পৌঁছানোর আগেই আগুনে অন্তত চারটি বাড়ি ও একটি মার্কেটের প্রায় ২০টি দোকান পুড়ে যায়।
তারা গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। আগুনে পুড়ে যাওয়া পরিবারগুলোর বেশ কিছু মানুষ খোলা আকাশের নিচে রয়েছেন।
প্রত্যক্ষদর্শী বিএনপির একাধিক কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ১৫ মার্চ অনুষ্ঠিত উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান নাজমুলের নেতৃত্বে আওয়ামী লীগ কর্মীরা রামপাল উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ওবায়দুল ইসলাম ও তার ভাই জাহিদুল ইসলামের বাড়িতে হামলা করে ভাংচুর করে।
এসময় তারা শহিদুল, নাজমুল, হালিমসহ স্থানীয় বিএনপির বেশ কয়েক জন কর্মী সমর্থককেও মারধর করে।
এই ঘটনার জের ধরে এলাকায় বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া হয়। পরে সন্ধ্যার আগে উত্তেজিত বিএনপি কর্মীরা মল্লিকের বেড় ইউনিয়ন বিএনপির সভাপতি হালিমের আধাপাকা মার্কেটের সামনে আওয়ামী লীগ সমর্থিত ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নাজমুল কবিরকে মটরসাইকেল থেকে নামিয়ে মারধর করে।
ইউপি চেয়ারম্যান নাজমুল কবিরের চাচাতো ভাই ও বাগেরহাট পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর তালুকদার-এ-বাকি অভিযোগ করেন, নাজমুল কবিরকে মারধরের সময় তার কাছে থাকা একটি লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেয় বিএনপি সমর্থকরা।
চেয়ারম্যানকে মারধর করায় আওয়ামী লীগ কর্মীরা জড়ো হয়ে ওই মার্কেটসহ স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অন্তত পাঁচটি বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
