২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থাকুন বাংলাদেশের জনগণের পক্ষে, ভারতকে খালেদা

বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে সমর্থন বন্ধ করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2014, 09:42 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

কলকাতাভিত্তিক ইংরেজি দৈনিক টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে তার থেকে সমর্থন প্রত্যাহারের এ আহ্বান জানান তিনি।

খালেদা জিয়া বলেন, “ভারতের গণতন্ত্রের ইতিহাস দীর্ঘদিনের। তাদের বাংলাদেশের জনগণের পক্ষে অবস্থান নেয়া উচিত, যেমনটি তারা ১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় করেছিল।

“ভোটারবিহীন নির্বাচনের মধ্য দিয়ে এবং জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতায় আসা একটি সরকারকে সহযোগিতা দিয়ে ভারত বাংলাদেশের জনগণ থেকে দূরে সরে যেতে পারে।”

সাক্ষাৎকারে সংসদ নির্বাচন বর্জন, উপজেলায় অংশগ্রহণ, বিএনপির লক্ষ্য, পরবর্তী নির্বাচন, নিজের ভারতবিরোধী ভাবমূর্তি, বিজেপি ক্ষমতায় এলে দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক, বিএনপি-জামায়াত জোট সরকারের ভারতের বিচ্ছিন্নতাবাদীদের সহযোগিতার অভিযোগ, বিএনপি-জামায়াতের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ, যুদ্ধাপরাধের বিচার ইত্যাদি নানা বিষয় নিয়ে কথা বলেন বিএনপি চেয়ারপারসন।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন আয়োজনকেই বিএনপির নির্বাচন বর্জনের কারণ বলে উল্লেখ করেছেন খালেদা জিয়া।

বাংলাদেশের জনগণের ভোটাধিকার ‘ফিরিয়ে’ আনা এবং স্বাধীনভাবে নেতা নির্বাচনের  অধিকার প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য বলে জানান দলটির চেয়ারপারসন।

খালেদা বলেন, “কতদিন শেখ হাসিনা জনগণের দাবিকে উপেক্ষা করে থাকতে পারবে এবং মুখে গণতন্ত্রের কথা বলে চলতে পারবে?

“তাকে অবশ্যই জনগণের দাবি মেনে নিতে হবে। অন্যথায় স্বৈরাচার হিসেবে বিতাড়িত হতে হবে।”

আগামী পাঁচ বছরের আগে শেখ হাসিনা সরকারের মেয়াদ পূর্তির আগে নতুন নির্বাচনের ইঙ্গিত না থাকায় খালেদা জিয়া বাংলাদেশের ক্ষমতায় আসার সুযোগ হারাচ্ছেন কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংলাপের ব্যাপারে বিএনপি সব সময় ইতিবাচক সাড়া দিয়ে আসছে।

“বাংলাদেশের জনগণের মতো বিএনপিও বিশ্বাস করে, একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে কার্যকর সংলাপ হওয়া দরকার।”

তবে বিএনপি বা তিনি নিজে বাংলাদেশ ‘শাসনে’ বিশ্বাসী নন মন্তব্য করে খালেদা জিয়া বলেন, “আমরা দেশ ও জনগণকে সেবা দিতে চাই।”

বিএনপি-জামায়াত জোট সরকারের ভারতের বিচ্ছিন্নতাবাদীদের সহযোগিতার অভিযোগ নাকচ করে খালেদা জিয়া বলেন, “শেখ হাসিনার মন্তব্য ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত।”

২০১২ সালে ভারত সফরের প্রসঙ্গ টেনে খালেদা জিয়া বলেন, “আমি তখন ভারতীয় নেতৃবৃন্দকে আশ্বস্ত করেছিলাম যে, ভারতের স্বাথীবিরোধী বা ভারতের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন কাউকে কখনো বাংলাদেশের সীমানা ব্যবহার করতে দেয়া হবে না।”

সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান রয়েছে দাবি করে দলটির চেয়ারপারসন বলেন, “বিএনপি সরকারের আমলে সন্ত্রাসবিরোধী কার্যক্রম তার প্রমাণ দেয়। ২০০৫ থেকে ২০০৬ সালের মধ্যে বিএনপি সরকার এক হাজার ১৭৭ জন সন্ত্রাসী ও কট্টোরপন্থীকে গ্রেপ্তার করেছিল।”

এছাড়া জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির রাজনৈতিক মতাদর্শের তফাৎ রয়েছে বলে মন্তব্য করেন খালেদা জিয়া। জামায়াতের সঙ্গে বিএনপির জোট নির্বাচনকেন্দ্রিক বলেও জানান তিনি।

বিএনপি ক্ষমতায় এলে দণ্ডিত যুদ্ধাপরাধীরা ছাড়া পেয়ে যাবে বলে মানুষের মধ্যে যে ধারণা রয়েছে তার সত্যতা কতটুকু- এ প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে খালেদা বলেন, “আমরা মনে করি, যারা মানবতাবিরোধী অপরাধ করেছে তাদের জবাবদিহির আওতায় আসা উচিত এবং বিচারের মুখোমুখি করতে হবে।

“স্বচ্ছ এবং আন্তর্জাতিক মান বজায় রাখে এমন একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশে সব মানবতাবিরোধী অপরাধীর বিচার করবে বিএনপি।”

হাসিনা-খালেদার টেলিসংলাপ প্রকাশ্যে এনে সরকার ঠিক কাজ করেনি বলে মনে করেন বিএনপি চেয়ারপারসন।  এর মধ্য দিয়ে বিশ্বাসভঙ্গ করা হয়েছে বলেও মন্তব্য তার।