নিলুফারের নিজের, মাহজাবীনের স্বামীর সম্পদ বেড়েছে
দশম সংসদে সংরক্ষিত নারী আসনে আয়-সম্পত্তি নেই এমন প্রার্থীও যেমন মনোনয়ন পেয়েছেন, তেমনি রয়েছে শিল্পপতি।
স্থাবর, অবস্থাবর ও স্বর্ণালঙ্কারে ধনীর তালিকায় রয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল জাতীয় পার্টি মনোনীত নারীরাই।
ওয়ার্কার্স পার্টি ও জাসদ মনোনীত দুই নারীর স্বর্ণালঙ্কারই সবচেয়ে কম। এছাড়া আওয়ামী লীগ মনোনীত ন্যাপের আমিনা আহমেদ ও স্বতন্ত্র জোটের প্রার্থী কাজী রোজির স্বর্ণালঙ্কারও নেই।
আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নবম সংসদের ৯ পুরনো মুখ এবার মনোনয়ন পেয়েছেন। নিজের ও স্বামীর সম্পদ মিলিয়ে শীর্ষে রয়েছেন জাতীয় পার্টির মাহজাবীন মোরশেদ এবং আওয়ামী লীগের নিলুফার জাফরউল্যাহ।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহর স্ত্রী নিলুফার জাফর উল্লাহ অস্থাবর সম্পত্তি রয়েছে ১৯ কোটি টাকার বেশি। বছরে তার আয় ৬ কোটি টাকা। তবে ২ কোটি টাকার ঋণ রয়েছে। ৯ লাখ টাকা মূল্যমানের স্বর্ণালঙ্কার রয়েছে নিজের নামে।
ফরিদপুর-৪ আসন থেকে নবম সংসদে সরাসরি ভোটে সাংসদ হন নিলুফার। এবার সাংসদ হতে যাচ্ছেন নারী আসনে।
নির্বাচন কমিশনে দেয়া হলফনামায় দেখা যায়, নবম সংসদের আগে নিলুফারের আয় ছিল বার্ষিক ৪৫ লাখ টাকা। ওই সময় বাড়ি ভাড়ায় প্রায় ২৯ লাখ টাকা ও সঞ্চয়পত্র থেকে প্রায় ১৭ লাখ টাকা।
৫ বছর পর তার আয় বাড়ি ভাড়ায় ৪ কোটি ৫৯ লাখ টাকা, শেয়ার-সঞ্চয়পত্র থেকে সোয়া কোটি টাকা আর রয়েছে সংসদ সদস্য ভাতা।
নগদ টাকাও বেড়েছে ৩ কোটিরও বেশি। গতবার স্বামীর অস্থাবর সম্পত্তির হিসাব উল্লেখ না করলেও এবার তা উল্লেখ করেছেন।
জাতীয় পার্টির মাহজাবীন মোরশেদের স্বামীর নগদ টাকা, স্থাবর ও অস্থাবর সম্পত্তি বেড়েছে পাঁচ বছরে।
নবম সংসদের সংরক্ষিত আসনের সাংসদ ছিলেন তিনি। ২০০৯ সালে মাহজাবীনের বার্ষিক ১ কোটি ৬৩ লাখ টাকা আয় আসতো শেয়ার থেকে। ৫ বছর পর এবার এ খাত থেকে তার আয় নেই উল্লেখ করেছেন হলফনামায়।
এবার মাহজাবীনের নগদ টাকা কমল থাকলেও স্বামী মোরশেদ মুরাদ ইব্রাহীমের ১০ কোটি টাকা হয়েছে। স্বামীর নামে আড়াই কোটি টাকা মূল্যমানের অকৃষি জমি ও চা বাগান হয়েছে এ ৫ বছরে।
মাহজাবীনের নিজের বার্ষিক আয় সাড়ে সাত লাখ টাকা, তার স্বামীর বার্ষিক আয় তার তিনগুন।
বর্তমানে অস্থাবর সম্পত্তি দেড় কোটি টাকা হলেও স্বামীর রয়েছে ১৪ কোটি টাকারও বেশি। এরমধ্যে সাবেক এ সাংসদের নগদ টাকা ৯৪ লাখ। তবে স্বামী নামে রয়েছে ১০ কোটি টাকা।
তার স্বামীর এক কোটি টাকা মূল্যমানের চা, রাবার বাগান ও ম’স্য খামারের পাশাপাশি দেড় কোটি টাকা মূল্যমানের অকৃষি জমিও রয়েছে।
ব্যাংকের কাছে ১৭ লাখ ৩৭ হাজার টাকা দায় রয়েছে তার।
জাসদ মনোনীত প্রার্থী লুৎফা তাহের পেশা উল্লেখ না করলেও গৃহ সম্পত্তি থেকে আয় করেন বলে উল্লেখ করেছেন হলফনামায়। বীর উত্তম কর্নেল আবু তাহেরের স্ত্রী লুৎফার ২৫ হাজার টাকা মূল্যমানের স্বর্ণালঙ্কার রয়েছে।
ওয়ার্কার্স পার্টি মনোনীত হাজেরা সুলতানার শিক্ষাগত যোগ্যতা এমএ। বেসরকারি চাকরি ও সাপ্তাহিক নতুন কথার সম্পাদনায় আছেন তিনি। এক ভরি স্বর্ণালঙ্কার রয়েছে তার।
গতবারের সাংসদ তারানা হালিম উত্তরাধিকার সূত্রে পাওয়া বাড়ি ভাড়া দিয়ে চলছেন বলে উল্লেখ করেছেন হলফনামায়। ৬ লাখ টাকা বার্ষিক আয় হলেও এফডিআর ভেঙ্গে বর্তমানে সঞ্চয়পত্রও শূন্য।
মায়ের ও নিজের কিছু গহনা বিক্রি করেছেন এই অভিনয়শিল্পী এবং আইনজীবী। বর্তমান মূল্যে ২ লাখ টাকার স্বর্ণ নির্ভরশীলের নামে রয়েছে। ১৪ লাখ টাকা ঋণ রয়েছে।
দশম সংসদে ৫০ আসনের জন্য ৯ মার্চ আওয়ামী লীগের ৩৯ জন, জাতীয় পার্টির ৬ জন, জাসদের ১ জন, ওয়ার্কার্স পার্টির একজন ও স্বতন্ত্র জোটের ৩ জন মনোনয়নপত্র জমা দেন।
মঙ্গলবার বাছাইয়ে দুই জনের মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তা। তাদের আপিল শুনানি ১৬ মার্চ হওয়ার কথা রয়েছে। তারা হলেন- আওয়ামী লীগের সাবিহা নাহার বেগম এবং জাতীয় পার্টির খোরশেদ আরা হক।
বুধবার নির্বাচন কমিশন বৈধ ৪৮ প্রার্থীর হলফনামা প্রকাশ করেছে।
