২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত হচ্ছে : নাসিম

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2014, 11:00 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

মঙ্গলবার চট্টগ্রামের নগরীর লালদীঘি মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক চট্টগ্রাম মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা বাস্তবায়নের দাবিতে ‘চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদ’ এ জনসভার আয়োজন করে।

বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রতি ইঙ্গিত করে নাসিম বলেন, “তারা বলেছিল নির্বাচন করতে দেবে না। জ্বালাও পোড়াও করেছে। কিন্তু ৫ জানুয়ারি নির্বাচন হয়েছে।

“সংসদ হয়েছে। সরকার গঠন হয়েছে। মন্ত্রীসভা হয়েছে। দেশ জঙ্গিমুক্ত হয়েছে।”

তিনি বলেন, শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার করেছেন, জঙ্গি দমন করেছেন। একাত্তরের ঘাতকদের বিচার করছেন।

“চক্রান্ত হচ্ছে প্রধানমন্ত্রীকে হত্যার জন্য। তাকে সরিয়ে দেয়ার জন্য ষড়যন্ত্র হচ্ছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার গঠন করেছি। পাঁচ বছর ক্ষমতায় থাকব। পাঁচ বছর পর ২০১৯ সালে, সংবিধান অনুসারে প্রধানমন্ত্রীর অধীনেই নির্বাচন হবে।”

চট্টগ্রাম নগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহামদ ও নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।