২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে বিএনপি নেতাকে বহিষ্কার

উপজেলা নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে কাজ করার অভিযোগে বান্দরবান জেলা বিএনপির এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া এক কেন্দ্রীয় নেত্রীকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2014, 09:02 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

বহিষ্কৃত মশিউর রহমান মিটন জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও জেলা যুব দলের সভাপতি।

দলের জেলা সিনিয়র সহসভাপতি ওসমান গণি জানান, রোববার দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় তাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কারের কথা জানানো হয়।

উপজেলা পরিষদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে কাজ করায় তাকে বহিষ্কার করা হয় বলে গণি জানান।

ওসমান গণি আরো জানান, একই অভিযোগে কেন্দ্রীয় কমিটির উপজাতীয় বিষয়ক সম্পাদক মিসেস মাম্যাচিংকে কেন বহিষ্কার করা হবে না, তা ২৪ ঘণ্টার মধ্যেই ব্যাখ্যা করতে বলা হয়েছে।

এর আগে গত ৩ মার্চ বান্দরবান উপজেলা নির্বাচনে দলীয় সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের আহবায়ক মো. জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কার করা হয়।