দলীয়ভাবে স্থানীয় নির্বাচনের লক্ষ্যে কাজ চলছে: আশরাফ
অন্যান্য গণতান্ত্রিক দেশের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও স্থানীয় নির্বাচন দলীয়ভাবে করতে আইন পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানিয়েছেন।
রোববার নির্বাচন কমিশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “অন্যান্য দেশে যেভাবে স্থানীয় নির্বাচন হয় আমরা সেভাবে করতে চাই। আগামীটা হবে তা নয়, ভবিষ্যতে তা (দলীয়ভাবে) হবে।”
বর্তমানে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের ভোট দলীয় প্রতীকে না হলেও প্রার্থীদের পক্ষে দলীয় সমর্থন থাকায় নির্বাচন রাজনৈতিক মাত্রা পায়।
চলমান উপজেলা পরিষদ নির্বাচনের মধ্যেই এর আগেও দলীয়ভাবে স্থানীয় নির্বাচন নিয়ে কথা বলেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ।
দলীয়ভাবে এ নির্বাচনে আপত্তি নেই বলে নির্বাচন কমিশনও বলে আসছে।
সৈয়দ আশরাফ বলেন, “প্রধানমন্ত্রী ইতোমধ্যে আমাকে নির্দেশ দিয়েছেন- আইনগুলো পরীক্ষা-নিরীক্ষা করতে। পরীক্ষা-নিরীক্ষা করার পর সিদ্ধান্ত নেবো স্থানীয় নির্বাচন পদ্ধতি পরিবর্তন করবো কি না।”
তবে সিদ্ধান্তের আগে বিভিন্ন মহলের মতামতও নেয়া হবে বলে জানান তিনি।
আশরাফুল ইসলাম বলেন, “এখন সেগুলো পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে। এরপর তা মন্ত্রিসভায় ও দলীয় ফেরামে উত্থাপন করা হবে। গণমাধ্যমের সঙ্গেও মত বিনিময় করা হবে।”
বাংলাদেশে যেভাবে স্থানীয় সরকারের নির্বাচন হচ্ছে তা গণতান্ত্রিক অগ্রযাত্রায় সহায়ক নয় মন্তব্য করে তিনি বলেন, “তাই পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের সঙ্গে তাল মিলিয়ে আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রা নিয়ে যেতে হবে।
“সামনেরটা [আসন্ন নির্বাচন] আমি বলছি না। সকল ধরনের লোকাল গভর্নমেন্ট ইলেকশন আগামীতে বা ভবিষ্যতে অন্যান্য দেশে যেভাবে হয় সেভাবে হবে।”
