‘কিছুটা ক্রসফায়ার প্রয়োজন আছে’
দেশি-বিদেশি বিভিন্ন মানবাধিকার সংস্থা ‘ক্রসফায়ার’র বিরুদ্ধে কথা বলে আসলেও বাংলাদেশে সন্ত্রাস নির্মূলের জন্য এর প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান।
শনিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে বিবিসি সংলাপে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর(অব.) হাফিজউদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
‘ক্রসফায়ারের মাধ্যমে কি মানুষ হিসেবে বেঁচে থাকার ন্যূনতম অধিকারটুকুও কেড়ে নেয়া হচ্ছে না’- প্রশ্ন করেন বিএনপি নেতা হাফিজ।
এর জবাবে শাহজাহান খান বলেন, “অবশ্যই প্রতিটি মানুষের বাঁচার অধিকার রয়েছে। তবে আমি মনে করি, দেশ থেকে সন্ত্রাস নির্মূল করতে কিছুটা ক্রসফায়ার প্রয়োজন।”
বাংলাদেশে কথিত ‘ক্রসফায়ার’ ও ‘বন্দুকযুদ্ধের’ মাধ্যমে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে উস্কে দেয়া হচ্ছে বলে বিভিন্ন দেশি-বিদেশি মানবাধিকার সংস্থা অভিযোগ করে আসছে।
তবে নৌপরিবহনমন্ত্রী বলেন, “দেশের মানুষ ক্রসফায়ারকে গ্রহণ করেছে। দেশের বাইরেও বিভিন্ন স্থানে ক্রসফায়ারের ঘটনা ঘটে যা বৈধ।”
বিবিসি বাংলার প্রতিবেদক আকবর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নিন্দা জানান বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমেদ।
সাম্প্রতিক সময়ে ‘রাজনৈতিক কারণে’ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে দাবি করে তিনি বলেন, “আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলার ঘটনায় জড়িত সন্দেহভাজন অনেকেই পরে ক্রসফায়ারে নিহত হয়েছে।”
বর্তমানে র্যাব ‘নিয়ন্ত্রণে’ নেই বলেও অভিযোগ তার।
“আমাদের সময়ে র্যাব নিয়ন্ত্রণে ছিল। এখন প্রায়ই ভুয়া র্যাব দেখা যায়,” বলেন হাফিজউদ্দিন আহমেদ।
বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ২৬ মার্চ র্যাব গঠন করা হয়।
সংলাপে অন্যদের মধ্যে সাবেক সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের জ্বালানি উপদেষ্টা ম. তামিম এবং অ্যাকশন এইডের আবাসিক প্রতিনিধি ফারাহ কবির উপস্থিত ছিলেন।
