২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বদু কাকা’য় আপত্তি বি চৌধুরীর

প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘বদু কাকা’ সম্বোধনে আপত্তি জানিয়েছেন বিকল্পধারা সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2014, 05:44 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় বক্তব্যে আওয়ামী লীগ সভানেত্রীর ওই সম্বোধনের পর শনিবার এক বিবৃতিতে সাবেক এই রাষ্ট্রপতি তার প্রতিক্রিয়া জানান।

৬৭ বছর বয়সী হাসিনার ওই সম্বোধনের মধ্য দিয়ে নাম বিকৃত করে কৌতুক করা হয়েছে বলে মনে করেন ৮২ বছর বয়সী বি চৌধুরী।

বিবৃতিতে তিনি বলেন, “আমি বদরুদ্দোজা চৌধুরী একজন সাবেক রাষ্ট্রপতি। একজন সাবেক রাষ্ট্রপতিকে ‘বদু কাকা’ সম্বোধন করে প্রকাশ্য জনসভায় মাননীয় প্রধানমন্ত্রীর মতো ব্যক্তির পক্ষে কৌতুকউক্তি করা অরুচিকর।

“এই উক্তি আওয়ামী লীগের নেতা হিসেবে জনগণ আশা করে। কিন্তু প্রধানমন্ত্রী বা বঙ্গবন্ধুকন্যা হিসেবে উক্তিটি অনভিপ্রেত।”

আওয়ামী লীগের এক সময়ের নেতা কফিল উদ্দিন চৌধুরীর ছেলে বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বৈঠক নিয়ে ওই সম্বোধন করেছিলেন হাসিনা।

“ছবি দেখলাম। একেবারে লাল টুকটুকে শাড়ি পরে বদু কাকার সঙ্গে সাক্ষাৎ করছেন। আমি ঠিক জানি না, আমাদের বদু কাকা একগুচ্ছ রজনীগন্ধা নিয়ে গিয়েছিলেন কি না ওনার কাছে?”

বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব বি চৌধুরী ২০০১ সালে চারদলীয় জোট সরকারের সময়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। তবে পরের বছরই পদত্যাগে বাধ্য হন তিনি।

এরপর বিএনপি ছেড়ে আলাদা দল বিকল্পধারা গঠন করেন বি চৌধুরী। ২০০৭ সালে জরুরি অবস্থার আগে বিকল্পধারা আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে যোগ দিলেও এখন বিএনপির সঙ্গে একযোগে আন্দোলনে রয়েছে দলটি।

নিজের নামটি বিকৃত না করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বি চৌধুরী বলেন, “বদরুদ্দোজা, শামসুদ্দোহা, নুরুল হুদা এসব নাম আল্লাহর প্রিয় রাসুল আমাদের নবী হজরত মুহাম্মদ (স.)-এর নামের সমার্থক। আমরা এই সব নাম নিয়ে কৌতুক করি না। আমি এই পবিত্র নামটি নিয়ে কৌতুক না করার জন্য অনুরোধ করছি।”

‘দুজনে বসে কূজনে কী কথা’