বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগের প্রতিবাদ সিপিবি-বাসদের
বিদ্যুতের দাম বাড়ানোর সরকারি উদ্যোগের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিপিবি ও বাসদ।
রোববার বিকালে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাসদ জেলা সমন্বয়ক নিখিল দাসের সভাপতিত্বে সিপিবি জেলা সভাপতি হাফিজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ এতে বক্তব্য রাখেন।
গত পাঁচ বছর জনমত উপেক্ষা করে ছয় বার বিদ্যুতের দাম বাড়ানোয় সমাবেশ থেকে সরকারের সমালোচনা করেন বক্তারা।
তারা বলেন, রাষ্ট্রীয় খাতের বন্ধ বিদ্যুৎ প্লান্টগুলো মেরামত, নবায়ন, সম্প্রসারণ ও স্বল্প মূল্যে বিদ্যুৎ উৎপাদনের পথ পরিহার করে বেশি মূল্যে বিদ্যুৎ উৎপাদনে কুইক রেন্টালের পথ বেছে নিয়েছে সরকার।
কুইক রেন্টালের কাজের সঙ্গে জড়িতদের লুটেরা ব্যবসায়ী উল্লেখ করে বক্তারা বলেন, জরুরি অবস্থার কথা বলে কুইক রেন্টাল চালু করা হলেও লুটেরা ব্যবসায়ীদের স্বার্থেই এগুলো নবায়ন করা হচ্ছে।
বিদ্যুতের দাম বাড়লে উৎপাদিত পণ্যের দাম বাড়ার জন্য প্রতিদিন সাধারণ মানুষকে বেশি টাকা খরচ করতে হবে বলে উদ্বেগ প্রকাশ করেন তারা।
সমাবেশ থেকে সিস্টেম লসের নামে লুটপাট, ব্যবস্থাপনা খরচের নামে দুর্নীতি ও অপচয় এবং কুইক রেন্টালের নবায়ন প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করার দাবি জানানো হয়।
এছাড়াও রাষ্ট্রীয় খাতে বড় বিদ্যুৎ প্লান্ট নির্মাণ, বন্ধ হওয়া প্লান্ট মেরামত, নবায়ন ও সম্প্রসারণ এবং গ্যাস বায়ু ও সৌরভিত্তিক বিদ্যুৎ প্লান্ট নির্মাণে পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।
