অসুস্থ বি চৌধুরীর বাড়িতে খালেদা
বিকল্পধারা বাংলাদেশের সভাপতি সাবেক রাষ্ট্রপতি অসুস্থ এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর চিকিৎসার খোঁজখবর নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
মঙ্গলবার রাতে বদরুদ্দোজার বারিধারার বাড়িতে গেলে খালেদাকে অভ্যর্থনা জানান বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী ।
পরে বিএনপি চেয়ারপারসনকে বিকল্পধারা সভাপতির কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে তার সঙ্গে কথা বলেন তিনি এবং চিকিৎসারও খোঁজ-খবর নেন।
এ সময়ে বদরুদ্দোজা চৌধুরীর স্ত্রী হাসিনা ওয়ার্দা চৌধুরী, মাহী বি চৌধুরীর স্ত্রী আশফা হক লোপা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, মহিলা দলের সভানেত্রী নুরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা উপস্থিত ছিলেন।
বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব বদরুদ্দোজা চৌধুরী দল থেকে বেরিয়ে যাওয়ার পর প্রথমবারের মতো তার বাসায় গেলেন খালেদা জিয়া।
চিকিৎসক বদরুদ্দোজা গত কয়েকদিন ধরে বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।
