গোটা দেশে ত্রাস চালাচ্ছে সরকার: ফখরুল
আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে সরকার গোটা দেশে ‘ত্রাস’ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার দুপুরে রাজধানীতে এক সমাবেশে তিনি বলেন, “লক্ষ্মীপুর, গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় বিরোধী দলের নেতা-কর্মীদের গুম করে হত্যা করা হচ্ছে। তাদের মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। এসব অন্যায়-অত্যাচারের আজ কেউ বিচার পাচ্ছে না। সারা দেশ থেকে হাই কোর্টে আসছেন হাজার হাজার বিচারপ্রার্থী।
“আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে সরকার দেশকে ত্রাস ও সন্ত্রাসের রাষ্ট্রে পরিণত করেছে।”
এ অবস্থার উত্তরণে ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য ছাত্রদলের নেতা-কর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি।
জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদলের মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে সংগঠনের সাবেক সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, বর্তমান সভাপতি আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব, জ্যেষ্ঠ সহ-সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদ, মহানগর উত্তরের সহ-সভাপতি শরীফ উদ্দিন জুয়েলসহ আটক নেতা-কর্মীদের মুক্তি ও দেশব্যাপী ‘গুম-হত্যার’ প্রতিবাদে এই সমাবেশ হয়।
আল-কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরির বার্তার সঙ্গে বিএনপিকে জড়িয়ে বক্তব্যের বিষয়ে মির্জা ফখরুল বলেন, “জাওয়াহিরির নামে একটি ভিডিও বার্তা প্রচারিত হচ্ছে। সরকার এখনো নিশ্চিত নয়, এটি জাওয়াহিরির বার্তা কি না। কিন্তু তার আগেই সংসদে সরকারি দলের সদস্যরা আল কায়েদা জঙ্গি সংগঠনের সঙ্গে বিএনপিকে জড়িয়ে নানা কথা বলেছে। এটা একটি সুদূরপ্রসারী চক্রান্ত। এর মাধ্যমে তারা (সরকার) দেশের সবচেয়ে জনপ্রিয় দলকে বিপদগ্রস্ত করতে চায়।
“আওয়ামী লীগ অনেক আগে থেকে বাংলাদেশকে একটি জঙ্গি ও অকার্যকর রাষ্ট্র বানানোর জন্য কাজ করছে। প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় অনেক আগে নিজের একটি লেখায় বলেছিলেন, বাংলাদেশের সেনাবাহিনীতে নাকি শতকরা ৩৫ ভাগ মৌলবাদী আছে।”
বিএনপি সবসময় সন্ত্রাসের বিরুদ্ধে দাবি করে মির্জা ফখরুল বলেন, “আমরা সব সময় বলে আসছি, বিএনপি সন্ত্রাসে বিশ্বাস করে না। বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা শান্তিপূর্ণ উপায়ে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তনে বিশ্বাসী।”
উপজেলা নির্বাচনে সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, “বিভিন্ন স্থানে বিরোধী দলের নেতা-কর্মীদের গুম করে হত্যা করা হচ্ছে। এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে না। আমরা উপজেলা নির্বাচন পর্যবেক্ষণ করছি। তবে আমাদের কাছে এখন পর্যন্ত যেসব খবর আসছে তাতে দেখা যায়, যৌথবাহিনী দিয়ে বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। বিরোধী দল সমর্থিত প্রার্থীদের প্রচারণায় বাধা দেয়া হচ্ছে।”
নির্বাচনে ব্যস্ত রেখে সরকার আন্দোলন বন্ধ রাখতে উপজেলা নির্বাচন দিয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
বর্তমান নির্বাচন কমিশনকে সরকারের ‘আজ্ঞাবহ’ প্রতিষ্ঠান মন্তব্য তিনি বলেন, এর অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না।
মির্জা ফখরুল বলেন, “সরকার তামাশার নির্বাচন করে জনপ্রতিনিধি নয়, সঙদের সংসদ প্রতিষ্ঠা করেছে। কথিত বিরোধী দল বানিয়ে তাদের সরকারে নিয়ে জগাখিচুড়ি সরকার করেছে।”
তিনি বলেন, “৫ জানুয়ারি নির্বাচনের আগে সরকার বলেছিল, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে নির্বাচন করা হচ্ছে। আলোচনা করে নির্বাচন দেবে। নির্বাচন হয়ে যাওয়ার পর সেই কথা থেকে আওয়ামী লীগ সরকার সরে গেছে। এখন বলছে, ৫ বছর তারা ক্ষমতায় থাকবে।
“আওয়ামী লীগ এমন দেউলিয়া হয়েছে যে, তাদের কলাকৌশল করে ক্ষমতায় থাকতে হবে। বিরোধী দলকে বাইরে রেখে নির্বাচন করতে হবে। এভাবে ছলচাতুরি করে চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকা যাবে না।”
এই সমাবেশে যোগ দিতে আসা ছাত্রদলের ৭২ নম্বর ওয়ার্ড সভাপতি আনাম আহমেদকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে র্যাব গ্রেপ্তার করেছে বলে দাবি করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
“এভাবে সভা-সমাবেশ করতে বাধা দেয়া হচ্ছে,” বলেন তিনি।
সংগঠনের উত্তরের সভাপতি আবুল মনছুর খান দীপকের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শিক্ষা বিষয়ক সম্পাদক শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়েদুল হক নাসির, সহসভাপতি ওমর ফারুক সাফী প্রমুখ বক্তব্য রাখেন।
