২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রকে কাছে টানতে সরকারের কৌশল: বিএনপি

বাংলাদেশ নিয়ে আল কায়েদার বার্তার সঙ্গে বিএনপিকে জড়িয়ে ক্ষমতাসীনদের বক্তব্য ‘হীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিযোগ করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2014, 02:39 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন,  ইতোমধ্যে সরকারের বিরুদ্ধে চলে যাওয়া যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘কাছে টানতেই’ দেশকে জঙ্গি, মৌলবাদী ও অকার্যকর রাষ্ট্র বানানোর ‘এ কৌশল’।

“আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়েদা প্রধানের কথিত এক ভিডিও বার্তা এবং তার প্রেক্ষিতে প্রার্থী ও ভোটারবিহীন তথাকথিত নির্বাচনে রাষ্ট্রক্ষমতা দখলকারী সরকার দল ও জোটের কতিপয় ব্যক্তি রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে সভা-সমাবেশে এমনকি সংসদে ক্রমাগত মিথ্যা, অযৌক্তিক, উদ্ভট ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে চলেছেন। এই বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, বানোয়াট ও হাস্যকর।”

ফখরুলের অভিযোগ, এর মধ্য দিয়ে সরকার বিএনপিকে ‘হেয়’ করতে চাইছে এবং ‘সন্ত্রাস ও  জঙ্গিবাদ দমনের নামে’ গণতান্ত্রিক বিশ্বকে পাশে টেনে ‘নির্বাচনের নামে মনোনীত ব্যক্তিদের’ দিয়ে সরকার পরিচালনার পথকে ‘বাধাহীন’ করতে চাইছে।

“আমরা রাজনৈতিক স্বার্থে দেশ ও জনগণকে বিভক্ত করার এই আত্মঘাতি ষড়যন্ত্রের পথ থেকে সরকারকে সরে আসার আহবান জানাচ্ছি।”

আল কায়েদা নেতা জাওয়াহিরির নাম ও ছবিসহ এক অডিও বার্তা গত শনিবার বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। বাংলাদেশ সৃষ্টির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে ‘ইসলামবিরোধী ষড়যন্ত্রের’ বিরুদ্ধে বাংলাদেশিদের প্রতিরোধ গড়ার আহ্বান জানানো হয় ওই বার্তায়।

এ নিয়ে রোববার জাতীয় সংসদে এক অনির্ধারিত আলোচনায়  আওয়ামী লীগের সাংসদ শেখ ফজলুল করিম সেলিম বলেন, বিএনপি ও জামায়াত সন্ত্রাসবাদী সংগঠন আল কায়েদার ‘দোসর’।

বাংলাদেশে আল কায়েদার সমর্থক গোষ্ঠী থাকলে তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানান তিনি।

আল কায়েদার ওই বার্তা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এক অনুষ্ঠানে বলেন, তা না করলে খালেদা গণতন্ত্রের জন্য ‘বিপজ্জনক’ বলে বিবেচিত হবেন।

গত বছরের হেফাজতকাণ্ডের সূত্র ধরে আল কায়েদার ওই বার্তায় রাজপথে হাজার হাজার মানুষকে হত্যা করার অভিযোগ আনা হয়েছে সরকারের বিরুদ্ধে। একইসঙ্গে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামী নেতাদের বিচার নিয়েও সংগঠনটির ক্ষোভ স্পষ্ট হয়েছে।

অবশ্য জামায়াত ও হেফাজত ইতোমধ্যে বিবৃতি দিয়ে ওই বার্তার সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতা থাকার কথা অস্বীকার করেছে।

ওই বার্তা নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরতে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “সংসদে আওয়ামী লীগের শেখ সেলিম যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে চাইলে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিতে হবে। এটাই হলো গোটা প্রচারণা ও বিএনপির বিরুদ্ধে বিষোদগারের মূল উদ্দেশ্য।”

আল কায়েদার ‘হুমকির কথা’ বলে যুক্তরাষ্ট্রকে ‘পক্ষে টানাই যে ক্ষমতাসীনদের মূল উদ্দেশ্য’,  শেখ সেলিমের বক্তব্যেই তা প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেন বিএনপি মুখপাত্র।

ফখরুল বলেন, “মিডিয়াকে অসত্য প্রচারে বাধ্য করে দেশের জনগণকে সাময়িকভাবে বিভ্রান্ত করা গেলেও বিশ্বজনমতকে বিভ্রান্ত করা যাবে না। সরকার যতো দ্রুত এই সত্য বুঝবে, ততোই দেশ ও তাদের নিজেদের জন্য ভাল হবে।”

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, জঙ্গি ও সন্ত্রাস দমনে দেশে ও আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে সব আইন ও চুক্তি বিগত বিএনপি সরকারের সময়েই হয়েছে। বিএনপি কখনো সন্ত্রাস ও জঙ্গিবাদকে প্রশ্রয় দেয়নি। এদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের সূত্রপাত আওয়ামী লীগের শাসনামলেই হয়েছে।

“বিএনপি একটি যথার্থ গণতান্ত্রিক ও দেশপ্রেমিক দল হিসেবে হত্যা, গুম, সন্ত্রাস ও নিপীড়নের প্রতিবাদ করেছে ও করবে।”

সংসদে কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরীর দেয়া বক্তব্যেরও সমালোচনা করেন মির্জা ফখরুল।

“মতিয়া চৌধুরী বলেছেন, জাওয়াহিরি বিএনপি-জামায়াতের তত্ত্বাবধানে দেশে তিনবার এসেছিলেন।… আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের প্রধান নেতা একবার নয়, দুই বার নয়, তিনবার বাংলাদেশ সফর করলেন, অথচ বিশ্বের কোনো মিডিয়া কিংবা দেশ-বিদেশের কোনো গুপ্তচর সংস্থা তা জানতে পারল না- এটা কে বিশ্বাস করবে।”

গণতান্ত্রিক রাজনৈতিক আন্দোলন ‘দমনের জন্য’ সরকার বিএনপি নেতা-কর্মী ও আলেম-উলামাদের ‘গুম ও হত্যা’ করছে অভিযোগ করে ফখরুল বলেন, যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, সুশীল সমাজ ও দেশের গণতন্ত্রকামী মানুষ এর প্রতিবাদ করেছে। এ বিষয়ে তাদের বক্তব্যের সঙ্গে বিএনপির বক্তব্যের মিলও রয়েছে।

“কাজেই কথিত ওই ভিডিও বার্তার কোনো বক্তব্যের সাথে আমাদের বক্তব্যের মিলের জন্য যদি বিএনপিকে আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত করা হয়, তাহলে একইভাবে দেশ-বিদেশের যেসব দল, সংগঠন, ব্যক্তি ও রাষ্ট্র এসব অন্যায়-অনাচারের সমালোচনা করেছেন, তাদেরকেও একইভাবে অভিযুক্ত করা যেতে পারে।”

ভবিষ্যতে এ ধরনের বক্তব্য দেয়ার আগে সরকারের মন্ত্রী ও নেতারা বিষয়টি বিবেচনায় রাখবেন বলে আশা প্রকাশ করেন ফখরুল।

আল-কায়েদা প্রধানের ‘কথিত’ ভিডিও বার্তার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির মুখপাত্র।

তিনি বলেন, “সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য থেকে বোঝা যায়, এই ভিডিও বার্তা সঠিক কিনা, তারাও তা নিশ্চিত হতে পারেনি। এরপরও সরকারের মন্ত্রীরা যেভাবে একের পর এক বিএনপিকে জড়িয়ে বিষোদগার করছে, তা থেকে বোঝা যায়, তাদের উদ্দেশ্য বিএনপিকে নিশ্চিহ্ন করে দেয়া।”

এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, এ ধরনের আন্তর্জাতিক সন্ত্রাসের হুমকি এলে সরকারের কাজ হবে পুরো রাষ্ট্রকে ঐক্যবদ্ধ করে তা মোকাবিলা করা।

“সেই পথে তারা না গিয়ে দেশের বৃহৎ রাজনৈতিক দলকে অভিযুক্ত করার অপচেষ্টা চালাচ্ছে।”

ফখরুল বলেন, যুক্তরাষ্ট্রের সিনেটে যখন বাংলাদেশের পরিস্থিতি ও নির্বাচন নিয়ে সমালোচনা হয়েছে, তখনই সরকার ‘দেশের বৃহত্তম রাজনৈতিক দলকে জড়িয়ে নতুন চক্রান্ত’ শুরু করেছে।

“এটি বাংলাদেশকে জঙ্গি, মৌলবাদী ও অকার্যকর রাষ্ট্র বানানোর একটি চক্রান্ত বলে আমরা মনে করি।”

অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, যুব দলের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

বাংলাদেশে জিহাদের ডাক ‘আল কায়েদার’

আল-কায়েদার বার্তা নজরে আছে: যুক্তরাষ্ট্র

বিএনপি-জামায়াত আল-কায়েদার দোসর: সেলিম

আল কায়েদা নিয়ে অবস্থান স্পষ্ট করুন, খালেদাকে ইনু

স্পষ্ট হল, খালেদা আন্তর্জাতিক সন্ত্রাসবাদী চক্রে: মেনন

আল-কায়েদার সঙ্গে সম্পর্ক নেই: হেফাজত

আল কায়েদার সঙ্গে সম্পর্ক নেই: জামায়াত