আইনে নয়, হুকুমে চলছে দেশ: বিএনপি
আইনের বদলে এখন এক ব্যক্তির ‘হুকুমে’ দেশ পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।
সারাদেশে বিরোধী নেতা-কর্মীদের গ্রেপ্তার এবং গুম-খুনের অভিযোগ তুলে রোববার এক সংবাদ সম্মেলনে দলের যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “দেশে এখন একটাই ‘বাদ’ চর্চা হচ্ছে, তা হল ‘হুকুমবাদ’।
“আইন বা ন্যায়বিচারের শাসন নয়, এক ব্যক্তির হুকুমে দেশ চলছে। আইনশৃঙ্খলা বাহিনী তথা র্যাব-পুলিশ, বিজিবি মূলত এক ব্যক্তির ফরমানকেই বাস্তবায়ন করছে।”
রোববার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সম্মেলনে রিজভী পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার সমালোচনা করেন।
“প্রতিদিন গুম ও গুপ্তহত্যার সিরিজ খবর সংবাদপত্রের পাতাজুড়ে স্থান পাচ্ছে। এসব নির্মম নৃশংসতার মর্মান্তিক শিকার হচ্ছে বিরোধী দলের নেতা-কর্মীরা।”
“এদের (আইনশৃঙ্খলা বাহিনী) হাতে থাকে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে ডেথ ওয়ারেন্ট, যা যে কোনো সময়ে যে কোনো স্থানে কার্যকর করতে পারে।”
দলের যুগ্মমহাসচিব আমানকে কারাগারে পাঠানোর নিন্দা জানিয়ে তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে অবিলম্বে তার মুক্তি দেয়ার দাবিও জানান রিজভী।
ফাইল ছবি
তিনি বলেন, “বিরোধী দলের নেতা-কর্মীরা যখনই কারাগার থেকে জামিন নিয়ে মুক্তি পাচ্ছেন, তখনই কারাফটক থেকে অন্য মামলায় গ্রেপ্তার দেখিয়ে অনেককে কারাগারে বন্দি রাখা হচ্ছে।”
গুম-হত্যার নজির হিসেবে সিরাজগঞ্জের সয়দাবাদ ইউনিয়নের মোহনপুর গ্রামের বিএনপিরকর্মী জাহাঙ্গীর হোসেনের কথা তুলে ধরেন রিজভী।
“জাহাঙ্গীরকে এক মাস আগে গুম ও পরে তাকে হত্যা করা হয়েছে। এভাবে উপজেলা নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতা-কর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে।”
উপজেলা নির্বাচনকে সরকার ‘তামাশায়’ পরিণত করতে চাইছে বলে অভিযোগ করেন সাধারণ নির্বাচন বর্জনকারী বিএনপির নেতা রিজভী।
সংবাদ সম্মেলনে তার সঙ্গে ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান পটল, সহ দপ্তর আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদ প্রমুখ।
