‘উপজেলায়ও একতরফা নির্বাচনের ষড়যন্ত্র’
বিএনপি সমর্থিত সম্ভাব্য প্রার্থীদের বাইরে রেখে সরকার উপজেলা নির্বাচনে ‘ভাগ-বাটোয়ারার’ ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে বিএনপি।
বুধবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “উপজেলা নির্বাচনের প্রাক্কালে প্রতিদিনই বিএনপি প্রার্থীদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হচ্ছে। সংসদ নির্বাচনের মতোই এই নির্বাচনেও বিরোধী প্রার্থীদের ভয় দেখিয়ে তারা ভাগ-বাটোয়ারার নির্বাচন করার ষড়যন্ত্র করছে।”
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সকালে এই সংবাদ ব্রিফিং হয়।
দলের কয়েজন ‘নিখোঁজ’ হয়ে যাওয়ার কয়েকটি ঘটনা তুলে ধরে রিজভী বলেন, নাটোরের সিংড়া থানা সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ফটিক, কলম ইউনিয়নের যুব দল সভাপতি হায়দার রশীদ রিপন, সিংড়া থানা যুব দল নেতা শাহ আলম গত সোমবার হাইকোর্ট থেকে জামিন নিয়ে বেরোনোর পর ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন অস্ত্রধারী লোক তাদের আটক করে নিয়ে যায়।
এরপর থেকে তাদের কোনো হদিস পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি।
এছাড়া রাজধানীর বিমানবন্দর থানা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মুন্নাকেও ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন অস্ত্রধারী তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেন রিজভী।
“রাজশাহীর চারঘাট উপজেলা সভাপতি ও আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবু সাঈদ চাঁনকে মঙ্গলবার জেলা আদালত থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। সিরাজগঞ্জের খোকসা বাড়ি ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রেজাউল করীমের বাসায় পুলিশ হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে।”
রুহুল কবির রিজভী বলেন, “সরকার সারাদেশে নিপীড়ন-নির্যাতন চালিয়ে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করছে। আইনশৃঙ্খলা বাহিনীকে তারা প্রাইভেট বাহিনীর মতো ব্যবহার করে বিএনপিকে নির্মূলের পরিকল্পনা হাতে নিয়েছে।”
ব্রিফিংয়ে মহানগর ঢাকার কামরাঙ্গীচর থানা সভাপতি হাজি মনির হোসেন চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক হাজী রফিকুল ইসলামের মুক্তি দাবি করেন রিজভী।
অন্যদের মধ্যে দলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদুজ্জামান, সদ্য কারামুক্ত স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, যুবদলের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
