বিরোধী দল নির্মূলে মহাপরিকল্পনা হয়েছে: ফখরুল
দমন নীতির মাধ্যমে বিরোধী দল নির্মূলে সরকার ‘নীল নকশার মহাপরিকল্পনা’ প্রণয়ন করেছে বলে অভিযোগ করেছে বিএনপি।
মঙ্গলবার রাতে এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “যৌথবাহিনী নামক দানবীয় বাহিনী দিয়ে দেশের প্রতিটি জেলায় হত্যা, গুম, অপহরণ, বাড়ি-ঘরে হামলা, লুটপাট, সম্পদ ধ্বংসের মতো ন্যক্কারজনক কর্মকাণ্ড চালিয়ে বিরোধী দলকে নিশ্চিহ্ন করার হীন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে সরকার।”
বুধবার পাবনার ঈশ্বরদীতে যুবদল নেতা জাহাঙ্গীর আলম এবং বেড়ায় মানিক হোসেনের হত্যাকাণ্ড এরই ধারাবাহিকতা বলে বিএনপি মনে করছে।
ফাইল ছবি
ফখরুল বলেন, “সাতক্ষীরার আশাশুনি থানা সাধারণ সম্পাদক এবং আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুসের বাড়িসহ ৭/৮টি বাড়িতে পুলিশের ছত্রছায়ায় আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা ব্যাপক ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে।”
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক মমিনুল ইসলাম, ছাত্রদল নেতা জাহাঙ্গীর ও মাঈনুদ্দিনকে আওয়ামী লীগকর্মীরা সোমবার কুপিয়ে আহত করেছে বলেও দাবি করেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “অতীতের মতো বর্তমানেও আওয়ামী লীগ ক্ষমতায় চিরস্থায়ীভাবে থাকার জন্য দেশের সকল সংবাদপত্র ও মিডিয়াকে নির্লজ্জভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। কিন্তু ইতিহাসে কোনো স্বৈরশাসকের শাসন দীর্ঘায়িত হয়নি। এই সরকারও চিরস্থায়ীভাবে থাকতে পারবে না।”
