২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘খোকা রিজভী গোলাম আকবরকে গ্রেপ্তার হয়রানি নয়’

বিএনপি নেতা সাদেক হোসেন খোকা, রুহুল কবীর রিজভী ও গোলাম আকবর খন্দকারকে নতুন কোনো মামলায় গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2014, 03:25 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

তিনটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. হাবিবুল গণির বেঞ্চ সোমবার এই আদেশ দেয়।

এদিন অবশ্য হাইকোর্টের একটি বেঞ্চ তিন মামলায় রিজভীকে ছয় মাসের জামিন দিয়েছেন। আর খোকার জামিন ও হেফাজতে নেয়ার আবেদন নাকচ করে তাকে কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন ঢাকার মহানগর হাকিম।

হাই কোর্টে তিনটি রিট আবেদনে আবেদনকারীদের পক্ষে আইনজীবী ছিলেন জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন। তাদের সহযোগিতা করেন রাগিব রউফ চৌধুরী, সগীর হোসেন লিওন প্রমুখ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেসুর রহমান।

আদেশের পরে মোখলেসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যথাযথ আইনগত প্রক্রিয়া ছাড়া বিএনপি নেতা সাদেক হোসেন খোকা, রুহুল কবীর রিজভী ও গোলাম আকবর খন্দকারকে নতুন কোনো মামলায় গ্রেপ্তার বা হয়রানি না করতে নির্দেশ দিয়েছে আদালত।

মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, “এখন সরকার পদ অনুসারে মামলা দিচ্ছে। বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার বিরুদ্ধে প্রায় ৪০টি মামলা দিয়েছে।

“যুগ্ম মহাসচিব রিজভী ও সাংগঠনিক সম্পাদ গোলাম আকবর খন্দকারের বিরুদ্ধেও একের পর এক মামলা দিচ্ছে। এ কারণে তাদের স্ত্রীরা হাই কোর্টে আবেদন করেছেন।”

গত ২৮ নভেম্বর চট্টগ্রাম নগর বিএনপির কার্যালয়ের সামনে থেকে গোলাম আকবরকে গ্রেপ্তার করা হয়। খোকাকে গ্রেপ্তার করা হয় গত ৪ ডিসেম্বর রাজধানীর উত্তরার একটি বাড়ি থেকে।

আর গত ৩০ নভেম্বর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে গ্রেপ্তার করা হয় রিজভীকে।

তিন মামলায় রিজভীর জামিন

সোমবার বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাই কোর্ট বেঞ্চ তিনটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ছয় মাসের জামিন দেন।

তার আইনজীবী রাগিব রউফ সাংবাদিকদের বলেন, বিরোধী দলের ৭১ ঘণ্টা অবরোধের শেষদিন ২৮ নভেম্বর রাজধানীর শাহবাগে বাসে পেট্রোল বোমা ছোড়া, ৫ নভেম্বর হরতালে কমলাপুরে হাতবোমা বিস্ফোরণ, পুলিশের ওপর হামলা এবং ২৪ সেপ্টেম্বরে মতিঝিলে আইডিয়াল স্কুল ও কলেজের সামনে গাড়ি ভাংচুরের মামলায় জামিন পেয়েছেন রিজভী।

খোকার রিমান্ড নামঞ্জুর

এদিকে রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা গাড়ি ভাংচুর ও বিস্ফোরক আইনে করা মামলায় ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার জামিন ও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন নাকচ করে তাকে ৫ কার্যদিবসের মধ্যে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত।

সোমবার ঢাকার মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন।

সকালে আদালতে খোকাকে হাজির করে ১০ দিনের হেফাজতের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই মোমিনুল হক চৌধুরী।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া জামিনের আবেদন করেন।

শুনানি শেষে বিচারক দুই আবেদন নাকচ করে খোকাকে কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

গত বছরের ১২ নভেম্বরে ১৮ দলীয় জোটের রাজনৈতিক কর্মসূচি চলাকালে যাত্রাবাড়ীতে যাত্রীবাহী গাড়িতে আগুন দেয়া, হাতবোমা বিস্ফোরণের অভিযোগে এ মামলা হয়।