২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার বক্তব্য সংলাপের অন্তরায়: কাদের

সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় খালেদা জিয়ার বক্তব্যকে ‘দায়িত্ব জ্ঞানহীন’ মন্তব্য করে ওবায়দুল কাদের বলেছেন, এ ধরনের বক্তব্য সংলাপের পথে বাধা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2014, 02:01 PM

Updated : 25 Apr 2022, 03:43 PM

মঙ্গলবার যুক্তরাজ্য ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে আলাদা বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী কাদের এ কথা বলেন।  

তিনি বলেন, “বেগম জিয়ার দায়িত্বজ্ঞানহীন বক্তব্য সংলাপের পথে বাধা হতে পারে।”

সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশে দলের চেয়ারপার্সন খালেদা জিয়া ‘আলোচনার মাধ্যমে’ অবিলম্বে নতুন নির্বাচন দেয়ার দাবি জানান।

একইসঙ্গে তিনি সাতক্ষীরায় যৌথ অভিযানে ‘নিষ্ঠুরতা’ চলছে দাবি করে তা বন্ধের আহ্বান জানান এবং নির্বাচনের পর বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় সরকারকে দায়ী করেন।

কাদেরের ভাষায়, সাতক্ষীরায় যৌথ অভিযানে ‘অচেনা মুখ দেখা গেছে’- খালেদার এ বক্তব্য ‘বিপদজনক’। আর সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে বক্তব্য ‘দুর্ভাগ্যজনক’।

“আমরা বিএনপিকে স্পেস দেয়া শুরু করেছি। গতকাল শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে সব ধরনের সহযোগিতা দেয়া হয়েছে। গর্হিত ও সুনির্দিষ্ট বিষয় না থাকলে নেতাদের মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে- এটা সরকারের ইতিবাচক মনোভাব।”

“এ সময় বেগম জিয়া এমন বক্তব্য দিলেন… সংলাপের বিষয়ে আমরা যে স্পেস দিতে শুরু করেছিলাম, তাতে একটু হোঁচট খেতে হলো।”

খালেদার মতো সাবেক একজন প্রধানমন্ত্রীর দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দেয়া থেকে বিরত থাকা উচিৎ বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা কাদের।

তিনি বলেন, খালেদার এ ধরনের বক্তব্যের পর ‘স্পেস দেয়ার মানসিকতা’ কতোটুকু ধরে রাখা যাবে- তা নিয়ে তিনি সন্দিহান।

“আমাদের দলের মধ্যেও তো চাপ আছে, জোটের মধ্যেও চাপ আছে।”

খালেদা জিয়ার উদ্দেশে কাদের বলেন,  “আপনি বলছেন এটা অবৈধ সরকার। আর সংলাপতো একটা বৈধ বিষয়। একটা অবৈধ সরকারের সঙ্গে বৈধ সংলাপ করবেন কীভাবে, এই প্রশ্ন আমি রাখলাম।”

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যেসব ‘রক্তাক্ত ট্র্যাজেডির’ ঘটনা রয়েছে তাতে রাতারাতি ‘জাতীয় ঐকমত্য’ সম্ভব নয় বলেই মনে করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য কাদের।

তিনি বলেন, “তারপরও রাজনৈতিক দলগুলোর মধ্যে ওয়ার্কিং আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, মানসিক দূরত্ব কমাতে হবে, দুই দলকেই স্পেস দিতে হবে।”

পুরনো খবর:

সাতক্ষীরায় অভিযান নিয়ে প্রশ্ন খালেদার
দ্রুত আলোচনা করে ভোট চান খালেদা