সংবাদ সম্মেলনে আসছেন খালেদা
বিএনপির বর্জনের মধ্যে নির্বাচন হয়ে যাওয়ার পর জোটের নেতাদের সঙ্গে প্রথম বৈঠক করে দেশবাসীর উদ্দেশে বক্তব্য নিয়ে কয়েকদিনের মধ্যে সংবাদ সম্মেলন করবেন খালেদা জিয়া।
সোমবার রাতে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে ১৮ দলীয় জোট নেতাদের বৈঠকের পর এলডিপি সভাপতি অলি আহমদ সাংবাদিকদের বলেন, “চলমান আন্দোলনের বিষয়ে কয়েকদিনের মধ্যে জোট নেতা সংবাদ সম্মেলন করে জাতির উদ্দেশে সব কিছু বিস্তারিত তুলে ধরবেন।”
কবে সংবাদ সম্মেলন হবে- জানতে চাইলে তিনি বলেন, “কয়েকদিনের মধ্যেই সংবাদ সম্মেলনটি হবে।”
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রায় দুই ঘণ্টার এই বৈঠকের পর একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার এই সংবাদ সম্মেলন হতে পারে।
বিএনপিবিহীন দশম সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আওয়ামী লীগ সভানেত্রী সরকার গঠনের পরদিন জোট নেতাদের বৈঠকে ডাকলেন বিএনপি চেয়ারপারসন।
অলি বলেন, “৫ জানুয়ারির ভোটে শতকরা ৫ শতাংশ ভোটারও কেন্দ্রে ভোট দিতে যায়নি। দেশের মানুষ এই ভোট প্রত্যাখ্যান করেছে। আমরা এজন্য জোটের পক্ষ থেকে জনগণকে অভিনন্দন জানানোর সিদ্ধান্ত নিয়েছি।”
খালেদার সভাপতিত্বে এই বৈঠকে চলমান আন্দোলনের পরবর্তী কর্মকৌশল, আন্দোলনের ভুল-ত্রুটিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান এলডিপি সভাপতি।
“আমাদের আন্দোলনের কোথায় কোথায় ভুল-ত্রুটি হয়েছে, আন্দোলনে সমস্যা কী কী ছিল ও পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হয়েছে।”
সংলাপ হলেও নির্দলীয় সরকারের দাবিতে ১৮ দল অনড় অবস্থান নিলে আওয়ামী লীগও নির্বাচনের পথে এগিয়ে যায়। সেই সঙ্গে বিরোধী দলের আন্দোলন দমনে কঠোর ভূমিকা নেয়, গ্রেপ্তার করা হয় শীর্ষ পর্যায়ের নেতাদের।
এর মধ্যে নির্বাচনের আগে খালেদাকেও তার বাড়িতে কার্যত অবরুদ্ধ করে রাখা হয়। ভোট ঠেকাতে হরতাল-অবরোধ দিলেও তার মধ্যেই নির্বাচন হয়, যার ফলে সংসদে প্রধান বিরোধী দলের মর্যাদা হারায় বিএনপি।
ভোটের পর কয়েকদিন অবরোধ চালিয়ে গেলেও সোমবার থেকে তা স্থগিত করেছে ১৮ দল। আর এর পরই জোট নেতাদের বৈঠকে ডাকেন বিএনপি চেয়ারপারসন। এর আগে ১৮ দলের বৈঠক হয়েছিল গত ১৯ নভেম্বর।
বৈঠকে বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা রেদাওয়ান উল্লাহ শাহেদী, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, এনপিপিরচেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু ছিলেন।
এছাড়াও ছিলেন লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, এনডিপির খন্দকার গোলাম মুর্তজা, ইসলামিক পার্টির আবদুল মোবিন, মুসলিম লীগের এএইচ এম কামরুজ্জামান খান, ন্যাপের জেবেল রহমান গানি, পিপলস লীগের গরিবে নেওয়াজ, ন্যাপ ভাসানীর শেখ আনোয়ারুল হক, জমিয়তে উলামা ইসলামের শাহিনুর পাশা চৌধুরী, খেলাফত মজলিশের আহমেদ আবদুল কাদের, ডিএলের সাইফুদ্দিন মনি।
‘সঙ্কট এড়াতে সংলাপ চাই’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার রাতে এক বিবৃতিতে চলমান রাজনৈতিক সঙ্কটকে ‘ভয়াবহ’ অভিহিত করে তা উত্তরণে কার্যকর সংলাপ চেয়েছেন।
তিনি বলেন, “একতরফা নির্বাচনে আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে অপব্যবহার করে ক্ষমতায় গেলেও জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারেনি।
“আমরা বলতে চাই, একটি কার্যকর সংলাপের মাধ্যমে সমঝোতায় পৌঁছানো ব্যতীত ভয়াবহ রাজনৈতিক এই সঙ্কট উত্তরণের কোনো পথ নেই।”
ক্ষমতাসীন আওয়ামী লীগ বলেছে, রাজনৈতিক সমঝোতা হলে মধ্যবর্তী নির্বাচন হতে পারে। তবে সেজন্য জামায়াতের সঙ্গ এবং ধ্বংসাত্মক কর্মসূচি ছাড়তে হবে বিএনপিকে।
ফখরুল বলেন, “নির্দলীয় সরকারের অধীনে অতি দ্রুত একটি নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেই কেবল এই ভয়াবহ সঙ্কট থেকে বাংলাদেশকে রক্ষা করা সম্ভব। আর এটা যত দ্রুত হয়, ততই দেশ ও জাতির জন্য কল্যাণকর হবে।”
কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, “তার স্বভাবসুলভ দাম্ভিকতাপূর্ণ উক্তির মাধ্যমে তিনি (প্রধানমন্ত্রী) জাতিকে জানিয়ে দিলেন, দেশের জনগণ ও আন্তর্জাতিক মতামতকে তিনি তোয়াক্কা করেন না।”
“বিশ্বায়নের এই যুগে বিদেশি রাষ্ট্র ও সংস্থাগুলোর মতামতকেও তিনি অবজ্ঞা করেছেন। অথচ এই বিদেশিদের সহযোগিতা নিয়েই ২০০৮ সালে তিনি নির্বাচিত হয়েছিলেন,” বলেন বিএনপির মুখপাত্র।
