‘প্রতিমন্ত্রীর স্কুলের খরচের জন্য জমি দখলের চেষ্টা’
প্রতিমন্ত্রীর নামে স্থাপিত একটি বিদ্যালয়ের খরচ যোগাড় করতে গাজীপুর সদরে সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে।
সোমবার এলাকা পরিদর্শনের পর জেলা প্রশাসকের কাছে বাড়িয়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানের বিরুদ্ধে এ ব্যাপারে লিখিত অভিযোগ দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া রহমান।
জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য ইউএনওকে আদেশ দেয়া হয়েছে।
অভিযোগে ফৌজিয়া বলেন, চেয়ারম্যান ও তার লোকজন কুমুন সরাফত খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করেছেন এবং বেশকিছু গাছ কাটার কেটে ফেলেন বলে অভিযোগ দেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর আলী।
এর পরিপ্রেক্ষিতে সোমবার সকালে কয়েকজন কর্মকর্তাসহ তিনি ঘটনাস্থলে যান।
ফৌজিয়া জানান, মার্কেট তৈরির জন্য বিদ্যালয়ের সীমানা প্রাচীরের ভেতরে সুতা টানিয়ে মাঠের প্রায় একশ বর্গফুট জায়গায় ইট-বালি স্তূপ করা হয়। প্রাচীরের পাশের গাছও কেটে ফেলছে হাবিবুরের লোকজন।
এর কারণ জিজ্ঞেস করলে হাবিবুর বলেন, “মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ‘মেহের আফরোজ চুমকি উচ্চ বিদ্যালয়ের’ পরিচালনার ব্যয় নির্বাহের জন্য জনগণের সমর্থনে এ কাজ করছি।”
এ জমিতে দোকান নির্মাণ করা হবে বলে জানান তিনি।
তিনি আরো জানান, স্কুলের জমি তার দাদা দিয়েছেন এবং নামটি তার নামেই হয়েছে। এতে কোনো অন্যায় হচ্ছে না বলেও তিনি জানান।
ফৌজিয়ার রহমান জানান, চেয়ারম্যান তার সামনেই প্রশাসনকে জানানোর কারণে ওই প্রধান শিক্ষককে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। তাই জেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।
