২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শপথ নিতে যাচ্ছেন নাজমুল-নাসিম

গত বৃহস্পতিবার অনুপস্থিত আওয়ামী লীগের নাজমুল হাসান এবং জাতীয় পার্টির নাসিম ওসমান শনিবার শপথ নিতে যাচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2014, 11:40 AM

Updated : 01 Sep 2026, 06:00 PM

দুপুর ১২টায় তাদের শপথ পড়াবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সেই প্রস্তুতি চূড়ান্ত করেছে সংসদ সচিবালয়।

দশম সংসদ নির্বাচনে বিজয়ী ২৮৪ জন গত বৃহস্পতিবার শপথ নেন। তবে পাঁচজন সেদিন নেননি, তাদের মধ্যে এই দুজনও ছিলেন।

সেদিন শপথ অনুষ্ঠানে অনুপস্থিত জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ শনিবার শপথ নিতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসপাতালে থাকা জাপা চেয়ারম্যান শপথ নেয়ার বিষয়ে যোগাযোগ করেছেন।

এরশাদের দলের নেতারা ইতোপূর্বে জানিয়েছিলেন, যে কোনো সময়ে তাদের চেয়ারম্যান শপথ নিতে পারেন।

রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমানের ছেলে বিসিবি সভাপতি নাজমুল কিশোরগঞ্জ-৬ আসন থেকে নির্বাচিত হয়েছেন। জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসন থেকে।

দেশের বাইরে থাকায় সাংসদ হিসেবে শপথ গ্রহণের নির্ধারিত দিন ৯ জানুয়ারি অনুপস্থিত ছিলেন তারা।

একই কারণে এখনো শপথ নেননি ঢাকা-৯ আসনে নির্বাচিত আওয়ামী লীগের সাবের হোসেন চৌধুরী এবং চট্টগ্রাম-৮ আসনে নির্বাচিত জাসদের মঈনুদ্দিন খান বাদল।

শপথ নেননি ৫ জন