২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে আ’লীগ নেতা হত্যার প্রতিবাদে মানববন্ধন

খাগড়াছড়িতে লোগাং ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নব রঞ্জন ত্রিপুরা হত্যার প্রতিবাদে মানববন্ধন হয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2014, 07:46 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

বৃহস্পতিবার দুপুরে ‘সমগ্র ত্রিপুরা সমাজ’-র ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের বিদ্যা মোহন কার্বারী পাড়ায় বুধবার সন্ধ্যায় নব রঞ্জন ত্রিপুরা (৪২) গুলিতে নিহত হন। এরজন্য ইউপিডিএফ-কে দায়ী করা হচ্ছে।

শহরের শাপলা চত্বরের মানববন্ধনের সময় সমাবেশে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মনীন্দ্র লাল ত্রিপুরা, পেরাছড়া ইউপি চেয়ারম্যান সঞ্জীব ত্রিপুরা, গোলাবাড়ী ইউপি চেয়ারম্যান জ্ঞানরঞ্জন ত্রিপুরা, আওয়ামী লীগ নেতা খোকনেশ্বর ত্রিপুরাসহ বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য দেন।

সমাবেশে লিখিত ঘোষণাপত্রের মাধ্যমে নবরঞ্জন ত্রিপুরার হত্যাকারীদের গ্রেপ্তার,  সিহতের পরিবারের নিরাপত্তা ও পুর্নবাসন এবং সাম্প্রদায়িক হামলাকারীদের কঠোর শাস্তি বিধানের দাবি জানান বক্তারা।

এদিকে, নিহতের ভাতিজা মনো বিকাশ ত্রিপুরা  জানান. চার সন্তানের জনক নব রঞ্জন দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত।

দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর তিনি এলাকায় জনসংযোগ অব্যাহত রাখেন।

তিনি বলেন, “এজন্য তাঁকে ইউপিডিএফ-এর নেতাকর্মীরা বেশ কয়েকবার প্রকাশ্যে হুমকি দিয়েছে।”

পানছড়ি থানার ওসি আব্দুস সামাদ মোড়ল জানিয়েছেন, নিহতের স্ত্রী পারুবালা ত্রিপুরা ইউপিডিএফ-এর দুইজনের নাম উল্লেখসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

বৃহস্পতিবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফ-এর বিবৃতি

বৃহস্পতিবার ইউপিডিএফ-এর প্রচার ও প্রকাশনা বিভাগের নিরণ চাকমা স্বাক্ষরিত এক বিবৃতিতে ইউপিডিএফ-এর খাগড়াছড়ি জেলা ইউনিটের সমন্বয়ক প্রদীপন খীসা দাবি করেন নব কুমার ত্রিপুরাকে হত্যার ঘটনায় ইউপিডিএফকে জড়িয়ে যেসব অভিযোগ করা হয়েছে সম্পূর্ণ মিথ্যা, ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত।