২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে সমাবেশ

দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্বাচন পরবর্তী হামলা ও ঘরবাড়ি পুড়িয়ে দেয়ার প্রতিবাদে চট্টগ্রামে সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2014, 08:05 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

বুধবার বিকালে নগরীর সিনেমা প্যালেস চত্বরে চট্টগ্রাম জেলা সিপিবি

এই প্রতিবাদ সমাবেশে আয়োজন করা হয়।

সমাবেশ থেকে বক্তারা বলেন, অবিলম্বে যশোর, দিনাজপুরসহ দেশের বিভিন্ন স্থানে হামলাকারী এবং ঘরবাড়িতে অগ্নিসংযোগকারীরা যে দলেরই হোক না কেনো তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে।

হামলার জন্য জামায়াত ইসলামীকে দায়ী করে বক্তারা বলেন,  একাত্তরের মতো আবারও ‘অন্ধকারের ধর্মান্ধ শক্তি’ ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা করছে। তাদের একাত্তরের মতোই ঐক্যভাবে প্রতিহত করতে হবে।

নির্বাচন পরবর্তী সংখ্যালঘুদের ওপর সহিংসতা রোধে সরকার ব্যর্থ দাবি করে সিপিবি নেতারা অবিলম্বে দেশের বিভিন্ন স্থানে হামলা বন্ধ এবং ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

সিপিবি চট্টগ্রাম জেলা সভাপতি মৃণাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য শাহ আলম, মো. মছিউদ্দোলা, অধ্যাপক কানাই লাল দাশ প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।

সাংবাদিকদের সমাবেশ

এদিকে সাম্প্রদায়িক হামলা মোকাবেলা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সমাবেশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সমাবেশ থেকে বক্তারা সাম্প্রদায়িক হামলা মোকাবেলায় সরকারকে আরও কঠোর হওয়ার আহবান জানান।

সিইউজে সভাপতি শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ গবেষক ডা. মাহফুজুর রহমান, চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরীসহ অন্যান্যরা।

এছাড়া বুধবার বিকালে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সাম্প্রদায়িক সম্প্রীতি পরিষদ, মুক্তিযোদ্ধারা প্রেসক্লাব চত্বরে সাম্প্রদায়িক সন্ত্রাস বন্ধের দাবিতে পৃথকভাবে মানববন্ধন ও সমাবেশ করে।