‘খেলতে চেয়েছিলাম, তারা ওয়াকওভার দিলেন’
বিরোধী দলবিহীন নির্বাচনের অভিপ্রায় আওয়ামী লীগের ছিল না বলে দাবি করেছেন পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ।
৫ জানুয়ারির নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের সমালোচনার মধ্যে তিনি বলেছেন, “আমরা আপনাদের খেলায় নিতে চেয়েছিলাম, বারবার অনুরোধও করেছিলাম, কিন্তু আপনারা ওয়াকওভার দিয়েছেন।”
বিরোধী দলের বর্জনের মধ্যে দশম সংসদ নির্বাচনে ১৫৩ আসনের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এজন্য একে ‘তামাশার’ নির্বাচন বলছেন বিএনপি নেতারা।
রাজধানীর জিপিও মোড়ে ‘সন্ত্রাসবিরোধী’ জনসভায় হাছান মাহমুদ আরো বলেন, “বিএনপির যে করুণ অবস্থা, তাতে অচিরেই এটি একটি পকেটবন্দি রাজৗনৈতিক দলে পরিণত হবে। তবে আমরা এটা চাই না।”
নির্বাচন ঠেকাতে হরতালের পর টানা অবরোধ ডাকলেও রাজপথে বিরোধী দলের অনুপস্থিতি নিয়েও কটাক্ষ করেন আওয়ামী লীগ নেতা।
“খালেদা জিয়া বিএনপির নেতাদের তো দূরের কথা কর্মীদেরও মাঠে নামাতে পারেননি। তারা ব্যর্থ হয়ে এখন বিদেশিদের দুয়ারে দুয়ারে ধর্না দিচ্ছে।”
নির্বাচনের পরেও আওয়ামী লীগের কর্মীদের মাঠে থাকার আহ্বান জানান হাছান মাহমুদ।
“ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। এদের বিষদাঁত ভাঙতে হবে। মার্চ পর্যন্ত আমরা মাঠে থাকব।”
