‘ঢাকা অভিযাত্রায়’ একশ জনও পাওয়া যায়নি: মেনন
খালেদা জিয়ার ডাকে ‘ঢাকা অভিযাত্রায়’ জনগণ সাড়া দেয়নি দাবি করে টেলিযোগাযোগ মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, এ কর্মসূচিতে একশ মানুষও আসেনি।
মঙ্গলবার জাতীয় জাদুঘরে এক অনুষ্ঠানে তিনি বলেন, “গণতন্ত্রের অভিযাত্রা নামে যে কর্মসূচি দেয়া হয়েছিল খালেদা জিয়া বলেছিলেন তাতে নাকি লক্ষ লক্ষ মানুষ আসবে, এ কর্মসূচিতে সব মিলিয়ে একশ’ মানুষও পাওয়া যায় নাই।”
সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করলেও সেখানেও সাড়া মেলেনি বলে দাবি করেন মেনন।
বিরোধী দলের অবরোধ কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, “অবরোধ কার বিরুদ্ধে? সরকার নাকি জনগণের?”
বিটিআরসি ও অ্যাসোশিয়েশন অব মোবাইল অপারেটর আয়োজিত ‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।
অনুষ্ঠানে ৩২৩ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পরিবারকে একটি করে থ্রিজি মোবাইল ফোন সেট ও কানেকশন দেয়া হয়।
ফাইল ছবি
মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের কবর সংরক্ষণের আহ্বান জানিয়েছেন রাশেদ খান মেনন বলেন, “সারা দেশে শহীদ মুক্তিযোদ্ধাদের যে কবরগুলো আছে সেগুলো সংরক্ষণ করতে সরকারকে উদ্যোগ নিতে হবে।
“এছাড়া ভারতে যেসব শহীদ মুক্তিযোদ্ধার কবর রয়েছে সেগুলোও দেশে নিয়ে এসে একত্রে সমাহিত করা যায় কি-না সে বিষয়েও উদ্যোগ নেয়া যেতে পারে।”
‘খালেদা বাংলাস্তান করবে’
গোপালগঞ্জ নিয়ে খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে মুক্তিযুদ্ধ ও নৌমন্ত্রী শাজাহান খান বলেন, “তিনি (খালেদা জিয়া) ক্ষমতায় আসলে দেশের নাম পরিবর্তন করে বাংলাস্তান করবে।”
“তাদের আর ক্ষমতায় আসতে দেয়া হবে না। তাদের পাকিস্তান পাঠিয়ে দেয়ার ব্যাবস্থা করা হবে।”
তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনঃবহালের আন্দোলনের নামে তিনি (খালেদা) যুদ্ধাপরাধীদের রক্ষার আন্দোলন করছেন। তিনি ঘোষণা দিয়েছেন ক্ষমতায় এসে তিনি যুদ্ধাপরাধীদের মুক্ত করবেন। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে এ চক্রান্তের বিরুদ্ধে লড়াই করতে হবে।”
যেসব মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে তাদেরকে কমিউনিটি থেকে বাদ দেয়ার আহ্বান জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তিনি বলেন, “যে মুক্তিযোদ্ধারা পক্ষ ত্যাগ করে মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তাদের মুক্তিযোদ্ধাদের কমিউনিটি থেকে বাদ দিতে হবে। কারণ যুগের সাথে তাল মিলিয়ে না চললে নায়কও যেকোন সময় খলনায়ক হয়ে যেতে পারে।”
বিরোধী দলকে হুঁশিয়ার করে তিনি বলেন, “যুদ্ধাপরাধীদের সঙ্গ ত্যাগ না করলে তাদের ভাগ্যে যা আছে আপনাদের (বিএনপি) ভাগ্যেও তাই হবে।”
সুশীল সমাজের প্রতিনিধিদের সমালোচনা করে তিনি বলেন, “দেশে এখন মাঝামাঝি বা নিরপেক্ষ বলে কোন বিষয় নেই। হয় আপনি যুদ্ধাপরাধীর পক্ষে না হয় বিপক্ষে। এখানে মাঝখানে হাঁটার কোন সুযোগ নেই।”
ইনু বলেন, “আমরা যুদ্ধ চাই না, তবে চাপিয়ে দেয়া হলে আমরা সেজন্য প্রস্তুত আছি। কেউ যদি যুদ্ধ চাপিয়ে দিতে চায় তাহলে সে অনুসারে খেলা হবে। অনেকে অনেক কথাই বলেন। কিন্তু যারা নাশকতা করেন, বোমা হামলা করে মানুষ মারেন তাদের প্রশ্রয় দেয়া হবে না, পরিষ্কার কথা। তাদের দমন করতে আইনে যা আছে তাই করা হবে।”
