২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাফিজ পুলিশ হত্যা মামলায় রিমান্ডে

কর্মসূচি ঘোষণা করে সংবাদ সম্মেলনের পরপরই আটক বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদকে বাংলা মোটরে গাড়ি পুড়িয়ে পুলিশ হত্যার মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পেয়েছে পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2013, 02:06 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

রোববার রাতে জাতীয় প্রেসক্লাবের ফটক থেকে আটক হাফিজকে সোমবার ২৪ ডিসেম্বরের পুলিশ হত্যার মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকার আদালতে পাঠানো হয়।

পুলিশ ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হাফিজকে সাত দিন হেফাজতে রাখার আবেদন জানান। শুনানি শেষে মহানগর হাকিম হারুন-অর-রশীদ দুদিন হেফাজতের নির্দেশ দেন। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও সাবেক ক্রীড়াবিদ হাফিজের পক্ষে জামিনের আবেদন জানালেও তা নাকচ করেন হাকিম।

শুনানিতে হাফিজের পক্ষে দাঁড়িয়ে বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বলেন, বলেন, “আসামি বাংলা মোটরের ওই জঘন্য কাজের সঙ্গে জড়িত ছিলেন না। নর্দমার কীট-পতঙ্গের করা ওই কাজের সঙ্গে হাফিজের মতো একজন রাজনৈতিক ব্যক্তিত্বের কোনো যোগাযোগ নেই।”

১৮ দলের পঞ্চম দফা অবরোধ কর্মসূচি শেষ হওয়ার পর গত ২৪ ডিসেম্বর রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ‘ঢাকাযাত্রা ও সমাবেশের’ নতুন কর্মসূচি দেয়ার কয়েক ঘণ্টার মধ্যে রাজধানীর বাংলা মোটরে পুলিশবাহী একটি বাসে আগুন দেয়া হয়।

এতে মো. ফেরদৌস খলিল (৩৫) নামে এক কনস্টেবল নিহত হন। দগ্ধ হন ওই বাসের চালক মো. বায়েজিদ (২৫) ও কনস্টেবল ফায়জুল ইসলাম (৪১)।

ওই ঘটনায় কারা জড়িত ছিল, তা অনুসন্ধানে হাফিজকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি শাহ আলম তালুকদার এবং মাহফুজুর রহমান লিখন দাবি করেন।

এর বিরোধিতা করে হাফিজের আইনজীবী মো. বোরহান উদ্দিন বলেন, “মামলার ঘটনার যে আলামত উদ্ধার করা হয়েছে, সেগুলো কিভাবে হাফিজের হেফাজতে থাকবে? অথচ রিমান্ডের আবেদনে বলা হয়েছে, আলামত উদ্ধারের জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি।”

আসামি পক্ষের আরেক আইনজীবী গোলাম মোস্তফা খান বলেন, “কার নির্দেশে ওই ঘটনা ঘটেছে, এজাহারে তার উল্লেখ নেই। শুধু বলা হয়েছে দুজন মোটর সাইকেল আরোহীর কথা। যদি সুষ্ঠু তদন্ত করতে হয়, তাহলে ওই আরোহীদের গ্রেপ্তার করা উচিৎ, হাফিজকে গ্রেপ্তারের কোনো যুক্তি নেই।”

মাসুদ তালুকদার বলেন, “এই রাজনৈতিক উগ্রতার মধ্যে প্রেসক্লাবে পরিশীলিত ভাষায় উনি (হাফিজ) পরবর্তী কর্মসূচির ডাক দিয়েছিলেন।

“তিনি মানুষ পুড়িয়ে মারার লোক নন। তিনি মন্ত্রী ছিলেন, তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় চালাতেন। তার বাবা রাজনীতিবিদ ছিলেন, তিনিও রাজনীতিক।”

জাতীয় প্রেসক্লাব ফটক থেকে হাফিজউদ্দিন আহমেদকে আটকের মুহূর্ত।

জাতীয় প্রেসক্লাব ফটক থেকে হাফিজউদ্দিন আহমেদকে আটকের মুহূর্ত।

জাতীয় প্রেসক্লাব ফটক থেকে হাফিজউদ্দিন আহমেদকে আটকের মুহূর্ত।

শুনানি শেষে বিচারক রিমান্ডের আদেশ দিয়ে তা নিয়ে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। আদালত কক্ষ থেকে বেরিয়ে বিএনপিপন্থী কনিষ্ঠ আইনজীবীরা পুলিশের দিকে তেড়ে গেলে জ্যেষ্ঠ আইনজীবীরা তাদের সরিয়ে দেন।

এদিকে প্রেসক্লাবের সামনে রোববার গাড়ি ভাংচুর, পুলিশের কাজে বাধা দেয়ার মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা অবসরপ্রাপ্ত মেজর হানিফকে সোমবার কারাগারে পাঠিয়েছেন হাকিম হারুন-অর রশীদ। তাকে রোববার গ্রেপ্তার করা হয়েছিল।

পুলিশ হত্যার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুবউদ্দিন খোকনকেও গ্রেপ্তার করা হয়। তবে তাকে হেফাজতে পায়নি পুলিশ, তিনি কারাগারে রয়েছেন।

এই ঘটনায় পুলিশের করা মামলায় আসামির তালিকায় যে ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছিল, তার মধ্যে হাফিজ কিংবা খোকন কারো নাম ছিল না। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ১৮ নেতার নাম এজাহারে উল্লেখ করা হয়।

গত দুই মাসে এর আগে বিএনপির শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতাকে আটকের পর হরতাল-অবরোধের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।

এর মধ্যে রয়েছেন মওদুদ আহমদ, আ স ম হান্নান শাহ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, সাদেক হোসেন খোকা, রুহুল কবির রিজভী, মীর মো. নাছির উদ্দিন, গোলাম আকবর খন্দকার প্রমুখ।

বিএনপি নেতা হাফিজ গ্রেপ্তার

খোকনকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি

বাংলামোটরে পুলিশ হত্যা মামলায় ফখরুল আসামি