২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘চট্টগ্রাম বিএনপি’র ১৫ হাজার নেতাকর্মী ঢাকায়’

‘সরকারের বাধার পরও’ বিরোধী দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার ডাকা ‘ঢাকা অভিযাত্রা’ কর্মসূচিতে যোগ দিতে দলের প্রায় পনের হাজার নেতাকর্মী ঢাকায় পৌঁছেছে বলে চট্টগ্রামের বিএনপি নেতারা দাবি করেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2013, 09:55 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

গত তিন-চারদিনে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিজ উদ্যোগে ছোট ছোট দলে চট্টগ্রাম থেকে ঢাকায় গেছে বলে দাবি নেতাদের।

এছাড়া শনিবার রাতেও অনেকেই রোববারের কর্মসূচিতে যোগ দিতে ঢাকা যাবেন বলে নেতারা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে চট্টগ্রাম নগর বিএনপি’র সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেন, “আমাদের নেত্রীর ডাকে গণতন্ত্র রক্ষার কর্মসূচিতে যোগ দিতে বিভিন্ন এলাকায় সরকারি বাধা সত্ত্বেও অনেকেই ঢাকা পৌঁছে অবস্থান করছেন।”

কোন বাধা-বিপত্তি বিএনপি নেতাকর্মীদের গণতন্ত্র অভিযাত্রার কর্মসূচি থেকে দমিয়ে রাখতে পারবে না উল্লেখ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ডা. শাহাদাত হোসেন বলেন, “বৃহত্তর চট্টগ্রাম থেকে পনের হাজারের অধিক নেতাকর্মী ঢাকায় পৌঁছেছেন এবং আরও আসছে।”

এদিকে বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান,  সাধারণ সম্পাদক ডা. শাহাদাতসহ চট্টগ্রাম বিএনপি’র অনেক নেতাই ঢাকায় অবস্থান করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি’র কয়েকজন নেতা জানান, ‘কৌশলে’ পুলিশী বাধা ডিঙিয়ে ঢাকায় যাওয়া নেতাকর্মীদের তত্ত্বাবধান করছেন তারা।

এদিকে চট্টগ্রামে শুক্রবার থেকেই ঢাকামুখী সকল বাস কাউন্টারেই শনিবারের টিকিট বিক্রি বন্ধ রয়েছে। আন্ত:নগর ট্রেনের সময়সূচিও অনির্ধারিত বলে জানা গেছে।

প্রসঙ্গত,  শুক্রবার রাতভর অভিযান চালিয়ে চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকা থেকে আটক  ৬১ বিএনপি-জামায়াতের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।