‘ডেমোক্রেসির নয়, হিপোক্রেসির মার্চ’
নির্বাচন রোখার আহ্বান জানিয়ে খালেদা জিয়ার ঢাকাযাত্রার কর্মসূচিকে ‘ভণ্ডামীর’ কর্মসূচি বলে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত।
আগামী রোববারের ওই কর্মসূচিকে কেন্দ্র করে বিরোধী দল নাশকতার চেষ্টা চালাতে পারে শঙ্কা প্রকাশ করে তা প্রতিহত করতে আওয়ামী লীগ নেতা-কর্মীরাও রাজপথে থাকবে বলে ঘোষণা দিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলন করে বিরোধীদলীয় নেতার কর্মসূচি ঘোষণার পরদিন বুধবার পাবলিক লাইব্রেরিতে এক আলোচনা সভায় বক্তব্যে এনিয়ে প্রতিক্রিয়া জানান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত।
তিনি বলেন, “মানুষ পতাকা রাখে বুকে আর উনি (খলেদা জিয়া) লাঠির সঙ্গে পতাকা আনতে বললেন। লাঠির সঙ্গে পতাকার মানে এই মার্চ সহিংস, অগণতান্ত্রিক।
“ইট ইজ মার্চ ফর অটোক্রেসি (স্বৈরাচার), মার্চ ফর হিপোক্রেসি (ভণ্ডামী)।”
খালেদার নির্বাচন প্রতিহত করার আহ্বানের জবাবে সুরঞ্জিত বলেন, “উনি সংগ্রাম কমিটির কথা বলেছেন। কার বিরুদ্ধে কমিটি। মানুষের ভোটাধিকারের বিরুদ্ধে? মানুষ যাতে ভোট দিতে না পারে? তিনি অরাজকতার জন্য উস্কানি দিচ্ছেন।
“আওয়ামী লীগ অবশ্যই মানুষের পাশে থাকবে। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের সকল সংগঠনের নেতা-কর্মীরা মাঠে থাকবে। তার লাঠির বক্তব্য পরিশোধিত করতে হবে।”
সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনের সামনে বুধবার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের মানববন্ধনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
“জাতি আশা করেছিলো তিনি পাকিস্তনের পদক্ষেপের কঠোর নিন্দা করবেন। কিন্তু তিনি ‘মর্মাহত’ হয়েছেন। তার মর্মের কোথায় যে আঘাত লেগেছে, সেটা তিনিই বলতে পারবেন। তিনি পাকিস্তান প্রেম ভুলতে পারেননি।”
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা জোহরা তাজউদ্দিনের মৃত্যুতে তাকে নিয়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনায় সমকালীন রাজনীতি নিয়ে কথা বলেন সুরঞ্জিত।
শেখ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এই সভায় আরো বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ নেতা বলরাম পোদ্দার, জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।
