২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলামোটরে পুলিশ হত্যা মামলায় ফখরুল আসামি

বাংলামোটরে বাসে আগুন দিয়ে পুলিশ হত্যার ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2013, 03:58 PM

Updated : 13 Oct 2022, 03:09 PM

বুধবার রমনা থানায় দায়ের করা এ মামলায় ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো ১৮ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। 

থানার ওসি মশিউর রহমান জানান, মির্জা ফখরুল ছাড়াও বিএনপি নেতাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, সালাউদ্দিন আহমেদ ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম এবং জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান ও কেন্দ্রীয় নেতা সফিকুল ইসলাম মাসুদকে মামলার এজাহারে ‘উস্কানিদাতা’ হিসাবে উল্লেখ করা হয়েছে। 

এছাড়া ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম ফিরোজ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল হক নাসির, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মাহিদুল ইসলাম হিরু, সাধারণ সম্পাদক মাসুদ রানা, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর রওশন, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি মামুন হাসান ও ছাত্রদল নেতা সিরাজুল ইসলাম সিরাজ ও মিন্টুর নামও রয়েছে এজাহারে। 

১৮ দলের পঞ্চম দফা অবরোধ কর্মসূচি শেষ হওয়ার পর মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর বাংলা মোটর পুলিশ বক্সের সামনে পুলিশের রিকুইজিশন করা একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের উপ-কমিশনার খান মোহাম্মদ রেজওয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুনে পুলিশ কনস্টেবল মো. ফেরদৌস খলিল (৩৫) নিহত হন।

ওই বাসের চালক মো. বায়েজিদ (২৫) ও কনস্টেবল ফায়জুল ইসলামও (৪১) দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সালাহউদ্দিন সোহাগ নামে ঘটনার এক প্রত্যক্ষদর্শী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, বাসটিতে আগুন জ্বলার সময় মোটর সাইকেলে করে দুজনকে সেখান থেকে দ্রুত চলে যেতে দেখেন তিনি।

রমনা থানার এসআই নাজমুল ইসলামের দায়ের করা মামলার এজাহারেও বলা হয়েছে,  মির্জা ফখরুলসহ আসামিদের উস্কানিতে দুই যুবক মোটরসাইকেলে করে এসে ওই নাশকতা ঘটায়। 

এর আগে নভেম্বরের শেষে শাহবাগ ও মালিবাগে বাসে আগুন দেয়ার দুটি ঘটনাতেও ফখরুলসহ ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের আসামি করা হয়।

গত ২৬ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে তা বাতিলের দাবিতে টানা অবরোধ চালিয়ে আসছিল ১৮ দল, যাতে সহিংসতায় এ পর্যন্ত প্রায় একশ’ মানুষের মৃত্যু হয়েছে।