চকরিয়ায় বসতবাড়িতে ভাংচুর-অগ্নিসংযোগ
কক্সবাজারের চকরিয়ায় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বসতবাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
সোমবার গভীর রাতে চকরিয়া পৌরসভার হাল কাকাড়া এলাকার প্রয়াত নমী উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম, মেয়ে শামসুর নাহার ও মনজুরা বেগমের বাড়িতে এ হামলা হয়।
শহিদুল ইসলামের বড় ভাই ওবায়দুল হাকিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৩টার দিকে চকরিয়ার আওয়ামী লীগ নেতা ফজলুল করিম সাঈদীর নেতৃত্বে শতাধিক লোক তার ভাই ও বোনদের বাড়িতে হামলা চালায়।
এসময় বাড়ি ভাংচুর ছাড়াও মনজুরা বেগমের বাড়িটি পুড়িয়ে দেয়া হয়।
তিনি জানান, জমি দখলের উদ্দেশ্যে এ হামলা চালানো হয়। অথচ গত একশ বছর ধরে এ জায়গা তাদের দখলে আছে।
তিনি অভিযোগ করেন, এ ঘটনায় পুলিশ মামলা গ্রহণ করতে অপরাগতা প্রকাশ করছে।
চকরিয়া থানার ওসি রণজিত কুমার বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাল কাকাড়া এলাকায় জমির বিরোধের জেরে একটি ঘটনা ঘটেছে বলে তিনি অবহিত রয়েছেন। এ ঘটনায় দুইটি ঝুপড়ি ঘর ভাংচুর, আরেকটি আগুনে সামন্য পুড়ে গেছে।
এ ঘটনায় কেউ মামলার এজাহার নিয়ে থানায় আসেনি। এজাহার পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মামলার গ্রহণ না করার বিষয় সত্য নয় বলে জানান ওসি।
কক্সবাজারের পুলিশ সুপার মো. আজাদ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চকরিয়ায় এমন একটি ঘটনার কথা তিনি শুনেছেন। বিষয় তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা ফজললু করিম সাঈদীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
