তারকা ফুটবলার ফাঁকা মাঠে গোল দেয় না: নোমান
বিনা প্রতিদ্বন্দ্বিতায় দশম জাতীয় সংসদের সদস্য নির্বাচনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জবাবে ‘তারকা ফুটবলার কখনো ফাঁকা মাঠে গোল দেয় না’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
শনিবার এক সভায় ১৫৪ প্রার্থীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার জন্য বিরোধী দলকে দায়ী করে প্রধানমন্ত্রী বলেছিলেন, “বিরোধী দল এলো না, এতো আমাদের দোষ না। খালি মাঠ, গোল তো হবেই।’’
এর জবাবে অবরোধের সমর্থনে রোববার সকালে চট্টগ্রামে দলীয় কার্যালয়ের সামনের সমাবেশে ওই মন্তব্য করেন নোমান।
শেখ হাসিনার বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “তারকা ফুটবলার কখনো ফাঁকা মাঠে গোল দেয় না। খলতারকারাই খালি মাঠে গোল দেয়। রাজনীতির মাঠে খলতারকারা বেশি দিন টিকতে পারে না।”
তিনি বলেন, “জনগণের প্রতিরোধের মুখে ৫ জানুয়ারির আগেই তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপিত হবে।”
সমাবেশে আরো বক্তব্য রাখেন দলের তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ ওয়াহিদুল আলম, চট্টগ্রাম নগর সহ-সভাপতি আবু সুফিয়ান, সদস্য আনোয়ার হোসাইন, আব্দুস সাত্তার ও কাজী আকবর।
