২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের বিরুদ্ধে সরকারকে কঠোর হতে আহ্বান সিপিবির

জামায়াত-শিবিরের ‘তাণ্ডব’ প্রতিরোধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2013, 12:57 AM

Updated : 23 Aug 2022, 07:30 PM

এর পাশাপাশি মঙ্গলবার দলটির সভাপতিমণ্ডলীর সভায় সরকারকে কঠোর হওয়ার এ আহ্বানও জানানো হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এতে বলা হয়, “বিএনপির ছত্রছায়ায় স্বাধীনতাবিরোধী জামাত-শিবির চক্র সারাদেশে সহিংস তাণ্ডব চালিয়ে যাচ্ছে। একতরফা নির্বাচনের আয়োজন ও নির্বাচন প্রতিহতের সংঘাতপূর্ণ রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে জামাত-শিবির চক্র তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে সশস্ত্র যুদ্ধ ও নাশকতায় নেমেছে।”

যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার ফাঁসির পর দেশের বেশ কয়েকটি জেলায় নাশকতা চালায় জামায়াত-শিবিরের কর্মীরা। শুক্রবার রাজধানীর মতিঝিল এবং ফকিরাপুল এলাকাতেও গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর চালানো হয়।

রোববার আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর এক যৌথসভায় নেতারা জামাত-শিবিরকে ‘প্রতিরোধ’ এবং কর্মী হত্যার ‘প্রতিশোধ’ নিতে নেতা-কর্মীদের মাঠে থাকার আহ্বান জানান।

সিপিবি বলেছে, “জামাত-শিবিরের সশস্ত্র অন্তর্ঘাত আর কিছুতেই বরদাশত করা যায় না। এই অপশক্তি দেশের অস্তিত্বের বিরুদ্ধে আঘাত হানার যে পাঁয়তারা করছে, তার বিরুদ্ধে সব দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে গণপ্রতিরোধে গড়ে তুলতে হবে।”

সন্ত্রাস মোকাবেলায় সরকারকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে সিপিবি বলেছে, “স্বাধীনতাবিরোধী জামাত-শিবিরের সশস্ত্র তাণ্ডব সরকারকে দৃঢ়ভাবে মোকাবেলা করতে হবে।”

জামায়াতকে নিষিদ্ধ করার দাবিও জানিয়েছে দলটি।

কাদের মোল্লার ফাঁসি নিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশে হস্তক্ষেপ করছে দাবি করে সিপিবি বলেছে, “মানবাধিকারের নাম করে বিদেশি নানা শক্তি যুদ্ধাপরাধীদের বাঁচাতে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।”

“পাকিস্তানের ঔদ্ধত্য এবং সেখানকার কয়েকটি রাজনৈতিক দলের বাংলাদেশবিরোধী উস্কানিমূলক ও আক্রমণাত্মক যে বক্তব্য দিয়ে চলেছে, তা কেবল কূটনৈতিক শিষ্টাচার বহির্ভুতই নয়, একই সাথে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতিও হুমকি।”

সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভাপতিমণ্ডলীর সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মনজুরুল আহসান খান, সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য হায়দার আকবর খান রনো, শামছুজ্জামান সেলিম, লক্ষ্মী চক্রবর্তী প্রমুখ।