প্রার্থী পেল লক্ষ্মীপুর-৩
বাছাইয়ের পর প্রার্থীশূন্য হয়ে পড়া লক্ষ্মীপুর-৩ আসনে ক্ষমতাসীন দলের প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার নির্বাচন কমিশনে আপিল শুনানির পর এ কে এম শাহজাহান কামালের আবেদনকে এই বৈধতা দেয়া হয়। ফলে ওই আসনে এখন তিনিই একমাত্র প্রার্থী।
লক্ষ্মীপুর-৩ নিয়ে এখন মোট ৩৪টি আসনে একক প্রার্থী থাকল। তারা কেউ প্রার্থিতা প্রত্যাহার না করলে অথবা অন্য কোনো জটিলতা না থাকলে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ ডিসেম্বরই তাদের বিজয়ী ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন।
ইসির আইন শাখার কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, আপিল শুনানির প্রথম দিন ৫৯ জনের আবেদন শোনা হলেও ৩০ জনের বিষয়ে সিদ্ধান্ত দিয়েছে কমিশন। এর মধ্যে ১৫ জনের আবেদন মঞ্জুর হয়েছে, বাকি ১৫ জনের ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তই বহাল রাখা হয়েছে। অর্থাৎ, ওই ১৫ জন নির্বাচনে দাঁড়াতে পারছেন না।
বুধ ও বৃহস্পতিবারও আপিল শুনানি চলবে বলে মোশাররফ হোসেন জানান।
দশম সংসদ নির্বাচনে মোট ১১০৭ জন মনোনয়ন দাখিল করলেও বাছাইয়ের পর ৮৪৭ জনের প্রার্থিতা বৈধ হয়। বাকি ২৬০ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে ইসি।
এর মধ্যে নির্বাচন কমিশনে আপিল করেন মাত্র ১৩৮ জন। এর অর্ধেকই স্বতন্ত্র প্রার্থী।
প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা থাকায় ও উপজেলা চেয়ারম্যান পদে থাকায় অন্তত ১৫ জনের মনোনয়ন অবৈধ হয়। ঋণ ও বিল খেলাপি হওয়ায় এবং হলফনামায় ‘মিথ্যা তথ্য’ দেয়ায় বা প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেয়ায় বাকিদের মনোনয়নপত্র বাতিল হয়।
ইসি কর্মকর্তারা জানান, হরতাল-অবরোধের কারণে অনেকেই আপিল আবেদন করতে ইসিতে আসতে পারেননি। এমনকি আপিল করেও শুনানিতে অংশ নিতে পারছেন না কেউ কেউ।
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ, চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব মোহাম্মদ সাদিক শুনানিতে উপস্থিত ছিলেন।
