বিএনপি না এলেও নির্বাচন হবে: মোশাররফ
সবদলের অংশগ্রহণ ছাড়া আসন্ন নির্বাচন গ্রহণযোগ্য হবে না-বিরোধী দলের এই দাবিকে শুধুই ‘দিবাস্বপ্ন’ বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
বুধবার দুপুরে প্রবাসী কল্যাণ ভবনে গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপি আসুক বা না আসুক নির্বাচন হবে। কেউ নির্বাচন আটকাতে পারবে না।
শ্রীলংকা ও নেপালেও বিরোধীদল ছাড়া জাতীয় নির্বাচন হয়েছে এবং সেসব দেশে গঠিত সরকারও দেশ পরিচালনা করেছে বলে জানান তিনি।
তিনি বলেন, নির্বাচন ঠেকাতে বিএনপি আন্দোলনের নামে সন্ত্রাস করছে। মাঠে তাদের নেতা নাই । আছে ভাড়াটিয়া সন্ত্রাসী। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড দিয়ে নির্বাচন ঠেকানো সম্ভব নয়।
মন্ত্রী বলেন, “ আপনারা (বিএনপি) দিবালোকে স্বপ্ন দেখছেন। আন্দোলন হলে অবশ্যই আমরা বিবেচনা করতাম। যেখানে নির্বাচন পেছানোর কোন আন্দোলন নাই, সেখানে তো ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন হবেই।”
এ সময় তিনি বিরোধী দলকে ন্যায্য আন্দোলন করার আহ্বান জানান।
মন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভায় গার্মেন্টস শ্রমিক নেতারা স্ট্যান্ডার্ড গ্রুপের গার্মেন্টস কমপ্লেক্স অগ্নিকাণ্ডের সুষ্ঠ তদন্ত ও ন্যায় বিচার দাবি করেছেন।
সম্মিলিত গার্মেন্টস শ্রমিক জোটের সভাপতি হারুনুর রশিদ বলেন, “দেশে স্ট্যান্ডার্ড এর মতো কমপ্লায়েন্স গার্মেন্টস নাই। অথচ এটারে জ্বালাইয়া দিল।”
এই নাশকতার সঙ্গে আন্তর্জাতিক ষড়যন্ত্রে স্থানীয় প্রভাবশালী মহল জড়িত বলে অভিযোগ করেন তিনি।
“তদন্ত করা হউক কারা আগের দিন রাত সাড়ে ১১টায় কমপ্লেক্সের পিছনে মিটিং করেছিল। কারা মসজিদের মাইকে ঘোষণা দিয়েছিল। এসব তথ্য বের হলেই নেপথ্যের ঘটনা উৎঘাটন হবে।”
জাতীয় গার্মেন্টস শ্রমিক-কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম বলেন, মজুরি কাঠামো ভাল হওয়ায় ষড়যন্ত্রকারীদের মুখ বন্ধ হয়ে গেছে। তাই তারা নতুন ষড়যন্ত্রে মেতেছে। আর এর যাত্রা শুরু হয়েছে স্ট্যান্ডার্ড এর মতো ভাল একটি প্রতিষ্ঠানকে ধ্বংস করার মধ্য দিয়ে।
গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশনের সভাপতি জাহানারা বেগম বলেন, ‘স্ট্যান্ডার্ড গ্রুপের অগ্নিকাণ্ড ভিন্ন ঘটনা। এটা রানা প্লাজা এবং তাজরীন ফ্যাশনসের মতো অবহেলার কারণে ঘটে নাই।”
মতবিনিময় শেষে মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, ষড়যন্ত্রের হোতাদের বের করতে আপনাদের সহযোগিতা প্রয়োজন।
সরকার হোতাদের ধরতে কাজ করছে বলেও জানান তিনি।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান, শ্রম সচিব মিকাইল শিপার ও শ্রমিক লীগের সভাপতি শুকুর মাহমুদ প্রমুখ।
