২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খোকাকে কারাগারে পাঠানোর নির্দেশ

শাহবাগ থানার একটি মামলায় দুইদিনের পুলিশ হেফাজত শেষে বিএনপি নেতা সাদেক হোসেন খোকাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2013, 05:41 PM

Updated : 23 Aug 2022, 07:25 PM

রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আতিকুর রহমানের আদালতে হাজির করা হয় বিএনপির ভাইস চেয়ারম্যান খোকাকে।

আদালতে খোকার আইনজীবীরা তার জামিন চাইলেও তেজগাঁও থানার অপর একটি মামলায় পুলিশ তাকে ১০ দিনের হেফাজতে চায়।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

শুনানি শেষে বিচারক উভয় আবেদন নাকচ করে ঢাকার সাবেক এই মেয়রকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মাসুদ আহমেদ তালুকদার, সানাউল্লা মিয়াসহ আসামিপক্ষের অন্যান্য আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে খোকাকে কারাগারে প্রথম শ্রেণির মর্যাদা দেয়ারও নির্দেশ দেয় আদালত।

গত ২৬ অক্টোবর বিরোধী দলের আন্দোলনের মধ্যে রাজধানীর তেজগাঁওয়ে হালিম কমিউনিটি সেন্টারের পাশে একটি বাসে আগুন দেয়া হয়।

ওই ঘটনায় গাড়িতে আগুন দিয়ে হত্যা চেষ্টার অভিযোগে তেজগাঁও থানায় একটি মামলা করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবু জাফর তালুকদার মানিক আদালতে রিমান্ডে আবেদনে বলেন, গত ২৬ অক্টোবর হালিম কমিউনিটি সেন্টারের গলির মুখ যাত্রীবেশে দুর্বৃত্তরা একটি বাসে আগুন দেয়। যুবকরা বাসের চালক ও তার সহকারীকে হত্যার চেষ্টা করে। ঘটনার নির্দেশদাতা সাদেক হোসেন খোকা। তাকে এই মামলায় ১০ দিন জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন ঢাকা মহানগর জজ আদালতের পিপি আব্দুল্লা আবু ও অতিরিক্ত পিপি শাহ আলম তালুকদার।

তবে বিচারক এই মামলার পুলিশের রিমান্ড আবেদন নাকচ করে দেন।

গত বুধবার রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে খোকাকে আটক করে র‌্যাব।

পরে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে হাজির করে শাহবাগ ও মালিবাগে বাসে আগুন দেয়ার ঘটনায় দুই মামলায় ১০ দিন করে মোট ২০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।

তবে আদালত কেবল শাহবাগে বাসে আগুন দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় খোকার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৮ নভেম্বর অবরোধ চলাকালে রাজধানীর শাহবাগে বাসে পেট্রোল বোমা হামলায় দগ্ধ হন ১৯ যাত্রী, যাদের তিনজন পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ওই ঘটনায় খোকাসহ বিএনপি-জামায়াতের ১৭ শীর্ষ নেতাকে আসামি করে মামলা করেন শাহাবাগ থানার পরিদর্শক এমএ জলিল।