হাছান মাহমুদ একক প্রার্থী
দুই প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ এখন একক প্রার্থী।
শুক্রবার মনোনয়ন পত্র যাচাই-বছাইয়ের শেষদিনে নগরীসহ চট্টগ্রাম জেলার ১৬ সংসদীয় আসনের আরো ছয় প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এ নিয়ে দুই দিনে এসব আসনে ১৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হল।
হাছান মাহমুদসহ চট্টগ্রাম- ৭ আসনের জন্য মনোনয়ন পত্র দিয়েছিলেন জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম ও সৈয়দ রুহুল আমিন। এদের মধ্যে হলফনামা জমা না দেয়ায় নজরুলের এবং আয়ের সামঞ্জস্যতা না থাকায় রুহুল আমিনের মনোনয়ন পত্র বাতিল হয়।
এছাড়া এক প্রার্থীকে সমর্থন করা এক শতাংশ ভোটারের তালিকায় গড়মিল থাকায় চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনের স্বতন্ত্র প্রার্থী আসকর খান বাবু, চট্টগ্রাম- ১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সেলিম উল্লাহ এবং চট্টগ্রাম-১০ (ডবলমুরিং) আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ খলিল উল্যাহর মনোনয়ন পত্র বাতিল হয়েছে।
এছাড়া দলীয় মনোনয়নপত্র না থাকায় এবং বিদ্যুৎ বিল বকেয়া থাকায় চট্টগ্রাম-১০ আসনে জাতীয় পার্টির ওসমান খানের মনোনয়নপত্রও বাতিল হয়েছে।
চট্টগ্রামের ১৬টি আসনের ৬৮ জন প্রার্থীর মধ্যে ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় মোট প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ জন।
৬৮ জন প্রার্থীর মধ্যে---চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে দুইজন. চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে সাতজন, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে চারজন, চট্টগ্রাম-৪ (সীতাকু-) আসনে সাতজন. চট্টগ্রাম-৫ (হাটহাজারি) আসনে পাঁচজন, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে দুইজন, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে তিনজন, চট্টগ্রাম-৮ ( বোয়ালখালী) আসনে পাঁচজন, চট্টগ্রাম-৯ ( কোতোয়ালী) আসনে পাঁচজন, চট্টগ্রাম-১০ (ডবলমুরিং) আসনে পাঁচজন, চট্টগ্রাম-১১ (পতেঙ্গা) আসনে তিনজন, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে তিনজন, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) চারজন, চট্টগ্রাম ১৪ (চন্দনাইশ) চারজন, চট্টগ্রাম- ১৫ (সাতকানিয়া) আসনে পাঁচজন এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে চারজন মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন।
