৩ দিনের রিমান্ডে ছাত্রদল সভাপতি
জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির এক নেতাকে ভাংচুর ও বোমা হামলার একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে আদালত।
শুক্রবার বিকেলে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মো. তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া শুনানি শেষে ওই আদেশ দেন।
তারা হলেন, ছাত্রদল সভাপতি আবদুল কাদের ভূইয়া (জুয়েল) ও কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ উদ্দিন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান অভিযুক্ত দুইজনকে ১০ দিনের পুলিশ হেফাজত চেয়ে বিচারকের কাছে আবেদন করেন।
আসামি পক্ষের আইনজীবী জয়নাল আবেদীন মেসবাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “এ সময় তাদের হেফাজতের আবেদন বাতিল চাওয়া হলে সে আবেদন নাকচ করেন বিচারক।”
তিনি জানান, আব্দুল কাদের ও শরীফ উদ্দিনের বিরুদ্ধে গুলশান থানায় একটি ও মতিঝিল থানার দুইটি মামলায়ও গ্রেপ্তার দেখিয়ে প্রত্যেকটিতে ১০ দিন করে ৩০ দিন হেফাজত চাওয়া হয়, যার শুনানি শুক্রবার অনুষ্ঠিত হয়নি।
গত ২২ এপ্রিল পল্টন মসজিদের গলিতে গাড়ি ভাংচুর ও একই দিন হোটেল মিডওয়ের সামনে হাতবোমা নিক্ষেপের ঘটনায় মতিঝিল থানায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তারকৃতদের পুলিশি হেফাজত মঞ্জুর করে আদালত।
গত ২৮ নভেম্বর রাতে উত্তরার ১৩ নম্বর সেক্টরের ২০ নম্বর সড়কের একটি বাড়ি থেকে আবদুল কাদের ভূইয়াকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ উদ্দিনকেও আটক করা হয়।
