২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ছাত্রদল নেতা নিহতের ঘটনায় আদালতে মামলা

অবরোধের তৃতীয় দিনে নাটোরে সংঘর্ষে ছাত্রদল নেতা সাইফুজ্জামান সুজন নিহতের তিনদিন পর স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের আসামি করে আদালতে একটি মামলা হয়েছে।  

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2013, 03:37 PM

Updated : 23 Aug 2022, 07:24 PM

আদালত পুলিশের উপ-পরিদর্শক মোন্নাফ হোসেন জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নাটোরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে নালিশি মামলাটি দায়ের করেন নিহতের বড় ভাই শহিদুজ্জামান।  

এতে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া শফিকুল ইসলাম ওরফে শিমুলসহ ১৯ জনকে আসামি করা হয়েছে।

মুখ্য বিচারিক হাকিম লিয়াকত আলী মোল্লা অভিযোগের তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য নাটোর সদর থানার ওসি আসলামউদ্দিনকে নির্দেশ দেন।

গত ২ ডিসেম্বর সকালে জেলা শহরের ভবানিগঞ্জ মোড় থেকে উত্তরা সুপার মার্কেট পর্যন্ত দুই কিলোমিটারজুড়ে আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে সুজন মারা যান। আহত হয় অন্তত পাঁচ জন।

সুজনকে নিজেদের কর্মী দাবি করে সংঘর্ষ ও হতাহতের প্রতিবাদে পরদিন মঙ্গলবার নাটোরে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে বিএনপি।

মামলার এজাহারে সাইফুজ্জামানকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয়েছে। এ সময় আরো চার ছাত্রদল কর্মীকে গুলি করারও অভিযোগ করা হয়েছে।

বাদি শহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসামিরা প্রভাবশালী। তাই ঘটনার পর থেকে পুলিশ এ বিষয়ে মামলা না নেয়ায় আদালতে এসে মামলা করতে বাধ্য হয়েছি।”

সদর থানার ওসি আসলাম বলেন, বাদি থানায় এজাহার দিয়ে আবার ফিরিয়ে নিয়ে যাওয়ায় মামলা রেকর্ড করা হয়নি। আদালতের আদেশ থানায় এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মামলার অন্য আসামিদের সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান শাহ (৩৫), জেলা যুবলীগের সহসভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী (৪৫), জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ হেল বাকি (৩২), সাধারণ সম্পাদক শফিউল আযম (৩২) ও নাটোর পৌর সভার কাউন্সিলর মোস্তারুল ইসলাম (৪০) রয়েছেন।

এছাড়া আওয়ামী লীগের ১৩ জন কর্মীকে মামলায় আসামি করা হয়েছে।