‘নিরাপত্তার’ জন্য এরশাদের বাড়িতে র্যাব-পুলিশ
নির্বাচন থেকে আকস্মিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে আলোচিত জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের বাড়ির সামনে একদল র্যাব-পুলিশ অবস্থান নিয়েছে।
বুধবার দুপুর থেকে সাবেক এই রাষ্ট্রপতির বাড়ি বারিধারার প্রেসিডেন্ট পার্কে র্যাব-পুলিশের অবস্থান দেখা যায়, এর মধ্যেই তার সঙ্গে দেখা করেন ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং।
র্যাব-পুলিশের এই উপস্থিতির বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের সহকারী কমিশনার নুরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
“উনি নানাভাবে আলোচিত সমালোচিত। একারণে কেউ তার ক্ষতি করতে পারে।”
তবে সাবেক এই রাষ্ট্রপতির বাড়িতে আগে থেকে পুলিশ পাহারা ছিল বলে জানান তিনি।
নির্বাচনের আগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ছাড়লেও নির্বাচনকালীন সরকারের পাশাপাশি নির্বাচনে মনোনয়নপত্রও দাখিল করে জাতীয় পার্টি।
ক্ষমতাসীন আওয়ামী লীগের জোটসঙ্গী জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ মঙ্গলবার আকস্মিক এক সংবাদ সম্মেলনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন; যদিও একদিন আগেই মনোনয়নপত্র দাখিল করেন তিনি ও তার দলের প্রার্থীরা।
বারবার সিদ্ধান্ত বদলের জন্য সমালোচিত এরশাদ যুক্তি দেখান, সব দল নির্বাচনে না আসায় এবং পরিবেশ তৈরি না হওয়ায় তার এই সিদ্ধান্ত।
বিরোধী দলের বর্জনের মুখে এর আগে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিলে এরশাদের দলে বিভেদ দেখা দেয়, যার ফল হিসেবে দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমেদ বহিষ্কৃত হন।
এদিকে মঙ্গলবার দুপুরে এরশাদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানালেও রাতে গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে এক বৈঠকে অংশ নেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর দুই সদস্য আনিসুল ইসলাম মাহমুদ ও জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
এরমধ্যে বুধবার শেখ হাসিনা নেতৃত্বাধীন নির্বাচনকালীন সরকার থেকে দলের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের পদত্যাগও করতে বলেছেন এরশাদ।
এরশাদের স্ত্রী রওশন এরশাদ ছাড়াও মন্ত্রিসভায় জাতীয় পার্টি নেতাদের মধ্যে রয়েছেন জি এম কাদের, আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম রুহুল আমিন হাওলাদার,সালমা ইসলাম, মুজিবুল হক চুন্নু। প্রধানমন্ত্রীর উপদেষ্টার পদে রয়েছেন বাবলু।
