জরুরি বৈঠক ডেকেছেন শেখ হাসিনা
বিরোধী দলের অবরোধ এবং নির্বাচন থেকে জাতীয় পার্টির সরে দাঁড়ানোর মধ্যে দলের কেন্দ্রীয় নেতাদের জরুরি বৈঠকে ডেকেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
বুধবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাড়ি গণভবনে এই বৈঠক হবে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে।
দলের উপপ্রচার সম্পাদক অসীম কুমার উকিল মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকাল ৪টায় গণভবনে দলের কেন্দ্রীয় সংসদের ইমার্জেন্সি মিটিং ডাকা হয়েছে।”
বিএনপির অংশ না নেয়ার মধ্যে ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের এক দিন বাদে জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদের সিদ্ধান্ত বদলের পর এই বৈঠক ডাকা হল।
রাতে এই বৈঠক ডাকার আগে গণভবনে দলের শীর্ষ নেতাদের সঙ্গে একটি বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওই বৈঠকে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর দুই সদস্য আনিসুল ইসলাম মাহমুদ ও জিয়াউদ্দিন আহমেদ বাবলু ছিলেন; ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননও।
আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ ও সুরঞ্জিত সেনগুপ্ত, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন।
এছাড়াও ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক ও প্রচার সম্পাদক হাছান মাহমুদ।
ঘণ্টাব্যাপী ওই বৈঠকের বিষয়বস্তু জানতে চাইলে আমু কোনো কথা বলতে রাজি হননি।
ওবায়দুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৪ ও ১৬ ডিসেম্বরের (শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস) কর্মসূচি ঠিক করতে কেন্দ্রীয় সংসদের বৈঠক ডাকা হয়েছে।”
জাতীয় পার্টির যে দুই নেতা ছিলেন, তাদের একজন আনিসুল ইসলাম নির্বাচনকালীন সরকারের পানিসম্পদমন্ত্রী এবং বাবলু প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
জাতীয় পার্টির বিষয়ে পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যারা বৈঠকে ছিলেন, তারা নির্বাচনে অংশ নেয়ার পক্ষে।”
নির্বাচন ‘ঠিক সময়েই’ হবে জানিয়ে হানিফ বলেন, “যারা মনোনয়নপত্র দাখিল করেছেন, তারা সবাই নির্বাচনে আসবেন।”
নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়ে যে সংবাদ সম্মেলন হয়েছিল, তাতে এরশাদ একাই ছিলেন। কোনো নেতা তার সঙ্গে ছিলেন না।
জাতীয় পার্টির মন্ত্রীদের মধ্যে রওশন এরশাদ, সালমা ইসলাম ও মুজিবুল হক চুন্নু মঙ্গলবার সচিবালয়ে অফিস করেন। তবে জি এম কাদের ও এবিএম রুহুল আমীন হওলাদার সচিবালয়ে যাননি। গণভবনে এলেও আনিসুল ইসলামকে সচিবালয়ে দেখা যায়নি।
জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুও সন্ধ্যায় গণভবনে গিয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। দলটি নির্বাচনে অংশ নিচ্ছে এবং মঞ্জু নিজেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন।
প্রতিমন্ত্রী সালমা ইসলামের স্বামী যমুনা গ্রুপের মালিক নুরুল ইসলাম বাবুলও গণভবনে যান। তিনি শেখ হাসিনার সঙ্গে একান্ত বৈঠক করেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে।
আওয়ামী লীগ নির্বাচনের পথে এগোলেও নির্দলীয় সরকারের জন্য আন্দোলনরত বিএনপি তাদের দাবিতে ছাড়া না দেয়ার কথা জানিয়েছে।
মঙ্গলবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘বিজয়’ না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণাও দিয়েছেন।
বিএনপি প্রধানমন্ত্রীর পদত্যাগ চেয়ে আসছে। তবে তাদের এই দাবি মেনে নিতে নারাজ ক্ষমতাসীন আওয়ামী লীগ।
পূর্তমন্ত্রী তোফায়েল আহমেদ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের বলেন, তাদের এক দফা বাস্তবায়ন কখনো সম্ভব না।
“তিনি (শেখ হাসিনা) শতকরা ৯০টি আসনের সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন এবং সংবিধান অনুযায়ী তিনি আরেকজন নির্বাচিত প্রধানমন্ত্রীর কাছেই দায়িত্ব হস্তান্তর করবেন।”
জাতীয় পার্টির সঙ্গে আলোচনা চলছে বলে তোফায়েল দুপুরে জানিয়েছিলেন। সন্ধ্যায়ই দলটির দুই নেতাকে গণভবনে দেখা যায়।
