২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের সিদ্ধান্তকে স্বাগত বিএনপির

জাতীয় পার্টির নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আন্দোলনে থাকা প্রধান বিরোধী দল বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2013, 09:15 PM

Updated : 23 Aug 2022, 07:23 PM

বিএনপির জোটসঙ্গী এলডিপির প্রধান অলি আহমদ বলেছেন, সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ এই প্রথম ‘সঠিক’ একটি সিদ্ধান্ত নিলেন।   

বিএনপি জোটের বর্জনের মধ্যে দশম সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দিলেও মঙ্গলবার সিদ্ধান্ত বদল করেন এরশাদ।

জাতীয় পার্টির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিএনপির মুখপাত্রের দায়িত্ব পালনকারী যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ সন্ধ্যায় সংবাদ মাধ্যমে একটি ই-মেইলে বার্তা পাঠান।

জাতীয় পার্টির মতো অন্য দলগুলোও ‘একতরফা’ নির্বাচন থেকে সরে আসবে বলে বিএনপি নেতা আশা প্রকাশ করেন।

একই সঙ্গে নির্বাচনের এই তফসিল স্থগিত করার দাবিও আবার জানান সালাহউদ্দিন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“একতরফা নির্বাচনে গেলে জনগণের বিরুদ্ধে অবস্থান নিতে হয়- এই উপলব্ধি হয়েছে এরশাদ সাহেবের।”

সহসভাপতি হাফিজউদ্দিন আহমেদ বলেন, “একতরফা নির্বাচন থেকে এরশাদ সাহেবে বেরিয়ে আসার ফলে নির্দলীয় সরকারের আন্দোলন নতুন মাত্রা পেল বলে আমি মনে করি।”

এরশাদের সিদ্ধান্তকে ‘সাধুবাদ’ জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক বলেন,“একতরফা নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করতে গিয়ে অনেক প্রার্থীই জনগণের হাতে লাঞ্ছিত হওয়ার সংবাদ প্রকাশিত হয়েছে। অনেকের বাড়ি-ঘরে হামলার ঘটনা ঘটছে। এরপরও সরকার যদি একতরফা নির্বাচন করে ফেলে, তা টিকবে না।”

এরশাদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এক বিবৃতিতে অলি আহমদ বলেন, “একদলীয় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ার মাধ্যমে প্রায় ৩২ বছর পর সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ জীবনে সর্বপ্রথম একটি সঠিক সিদ্ধান্ত নিলেন।

“তার এ ঘোষণা জাতির এই ক্রান্তিলগ্নে খুবই গুরুত্বপূর্ণ এবং যুগান্তকারী ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।”

এলডিপি সভাপতি আশা প্রকাশ করেন, দুই-একদিনের মধ্যে নির্বাচনকালীন মন্ত্রিসভা থেকেও জাতীয় পার্টি পদত্যাগ করবে।

পুরনো খবর:

নির্বাচনে যাব না: এরশাদ