২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সঙ্কটের জন্য দায়ী শেখ হাসিনা: নোমান

দেশের বর্তমান রাজনৈতিক সঙ্কটের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2013, 04:26 PM

Updated : 23 Aug 2022, 07:23 PM

তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী যদি জাতির উদ্দেশে ভাষণ দিয়ে দমন, পীড়ন, হত্যা ও নির্যাতনসহ চলমান পরিস্থিতির দায় স্বীকার করে দুঃখ প্রকাশ করে এবং নির্দলীয় সরকারের দাবি মেনে নেয়ার ঘোষণা দেন, তাহলে চলমান রাজনৈতিক সঙ্কটের সুরাহা হবে।”

সোমবার সকালে অবরোধ চলাকালে চট্টগ্রাম নগরীর নূর আহমেদ সড়কে নগর বিএনপির সমাবেশে একথা বলেন নোমান।

নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে শনিবার থেকে দেশব্যাপী টানা অবরোধের মধ্যে বিএনপির এই সমাব্শে হয়।

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল নির্দলীয় সরকার চাইলেও সর্বদলীয় সরকার গঠন করে নির্বাচনের পথে এগোচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ওই সরকারে বিএনপিকে যোগ দেয়ার আহ্বান জানানো হলে  তারা প্রত্যাখ্যান করেছে।

নোমান বলেন, “জনগণই সকল ক্ষমতার উৎস। সরকার দমন-পীড়ন চালিয়ে একদলীয় নির্বাচন করতে পারবে না।

“আমরা রক্ত দেব, জেলে যাব, প্রয়োজনে শহীদ হব, তবুও একদলীয় নির্বাচন হতে দেব না।”

যারা বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে, তারা গণতন্ত্রের  ‘শক্র’ এবং জাতীয় ‘বেঈমান’ হিসেবে চিহ্নিত হবে, বলেন সাবেক এই মন্ত্রী।

নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, বিএনপির কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসাইন, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, আব্দুস সাত্তার প্রমুখ।

সমাবেশের আগে সকাল সাড়ে ৮টায় নগরীর কাজীর দেউরী মোড় থেকে নোমানের নেতৃত্বে একটি মিছিল শুরু হয়।

মিছিলটি নূর আহমেদ সড়ক, লাভলেইন ও এনায়েত বাজার এলাকা ঘুরে করে নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।